সম্প্রতি আইসিজেএস (ইন্টার-অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম) নিয়ে ডেপুটি কমিশনারদের কড়া নির্দেশ দিলেন কলকাতা পুলিশ কমিশনার অজয়কুমার নন্দা। কাগজের ব্যবহার কমানো এবং ভুলত্রুটি কমিয়ে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ আগেই নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
তৃণমূল জমানায় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই প্রক্রিয়ায় যোগ দেয়নি রাজ্য সরকার। এ বার পালাবদলের পরে এই প্রক্রিয়ায় যোগ দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে এ নিয়ে অন্যান্য পুলিশকর্তার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার। যে ভাবে প্রক্রিয়াটি এগোচ্ছে, তা নিয়ে বৈঠকেই তিনি অসন্তোষ প্রকাশ করেন।
কমিশনারের নির্দেশে প্রতিটি ডিভিশনে ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা ডিসিআরবি গঠন করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই কমিটিতে আট জন করে সদস্য থাকবেন। তবে জায়গা বিশেষে সদস্য সংখ্যায় পরিবর্তন হতে পারে।
পর্যবেক্ষণ, সমন্বয় এবং অনুবর্তনের জন্য ডিসিআরবি (ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো) বিভাগীয় নোডাল ইউনিট হিসেবে কাজ করবে। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি কমিশনার।
কলকাতা পুলিশের ডিভিশনাল স্তরে আইসিজেএস ব্যবস্থার বাস্তবায়ন ও নজরদারির জন্য নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করবে এই ডিসিআরবি। ডিজিটাল তথ্যের গুণমান ও নির্ভুলতা নিশ্চিত করা এবং সময়ানুবর্তিতা বৃদ্ধি করা হবে তাদের অন্যতম দায়িত্ব। পাশাপাশি, প্রযুক্তিগত ও পরিচালনগত সমস্যার দ্রুত সমাধান, ডিজিটাল মাধ্যমে বকেয়া কাজের পরিমাণ কমানো এবং প্রযুক্তিগত প্রয়োজনীয়তা যথাসময়ে মেনে চলা নিশ্চিত করা হবে।
এ ছাড়াও বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা, ফৌজদারি বিচার ব্যবস্থার বিভিন্ন স্তরে ডিজিটাল সমন্বয় জোরদার করা, থানার কর্মীদের মধ্যে ডিজিটাল দক্ষতা বাড়ানো এবং পুলিশি ব্যবস্থার বিভিন্ন স্তম্ভের মধ্যে ডিজিটাল সক্ষমতা আরও শক্তিশালী করার দায়িত্ব থাকবে ডিসিআরবির।




