• facebook
  • twitter
  • youtube
Saturday, 25 July, 2026

 বালি ব্রিজে বড়সড় ট্রাফিক বদল! এক লেন বন্ধ, দিল্লি এবং বম্বে রোডগামী সব বাস নিবেদিতা সেতুর পথে

উত্তর কলকাতা ও ডানলপ এলাকা থেকে দিল্লি রোড বা বম্বে রোডের উদ্দেশ্যে চলাচলকারী সমস্ত সরকারি ও বেসরকারি বাসকে বাধ্যতামূলকভাবে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে

 বালি ব্রিজে বড়সড় ট্রাফিক বদল! এক লেন বন্ধ, দিল্লি এবং বম্বে রোডগামী সব বাস নিবেদিতা সেতুর পথে

Image: ANI

সপ্তাহের প্রথম দিন সোমবার অর্থাৎ ২৭ জুলাই  থেকে  বিবেকানন্দ সেতুর দিল্লি রোড ও বম্বে রোডমুখী এক লেন সম্পূর্ণ বন্ধ রাখা হবে। রাজ্যের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD)-এর জরুরি মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে উত্তর কলকাতা ও ডানলপ এলাকা থেকে দিল্লি রোড বা বম্বে রোডের উদ্দেশ্যে চলাচলকারী সমস্ত সরকারি ও বেসরকারি বাসকে বাধ্যতামূলকভাবে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের দুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে আনতেই এই বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি হাওড়ার জেলাশাসক, ট্রাফিক বিভাগ, মোটর ভেহিকলস বিভাগ এবং পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসুর উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই ট্রাফিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

প্রশাসনের আশা, নির্ধারিত রুট পরিবর্তনের ফলে মেরামতির কাজ দ্রুত সম্পন্ন হবে এবং একই সঙ্গে যান চলাচলেও বড় ধরনের বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে। তবে প্রথম কয়েক দিন নতুন রুট চালু হওয়ায় কিছুটা অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রী ও বাসচালকদের।

বাস মালিক সংগঠনের পক্ষ প্রদীপ নারায়ণ বসু এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন । পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে দাবিকরা হয়েছে, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আগাম পরিকল্পনা নেওয়ায় পরিবহণ পরিষেবা সচল রাখা সহজ হবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও অনেকটাই কমবে।

এদিকে, এই উদ্যোগের জন্য রাজ্যের পরিবহনমন্ত্রী এবং পরিবহন সচিবকে  ধন্যবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের বক্তব্য, যাত্রীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, বিকল্প রুট নির্ধারণ এবং বাস চলাচল নির্বিঘ্ন রাখতে তাঁদের সক্রিয় ভূমিকা প্রশংসার দাবি রাখে। প্রশাসন ও পরিবহণ দফতরের এই সমন্বিত পদক্ষেপে আগামী কয়েক সপ্তাহের মেরামতির কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে বলেই আশাবাদী তারা।