নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই নন্দীগ্রাম-২ ব্লকের মহাগ্রাম ত্রিবেণী বাজার এলাকায় একটি দেওয়ালে লেখা দেখা যায়, “নন্দীগ্রাম ২১০ বিধানসভার উপনির্বাচনে বিশিষ্ট সমাজসেবী অঞ্জন ভারতীকে পদ্মফুল চিহ্নে ভোট দিন।” এই দেওয়াল লিখন ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
যদিও এই দেওয়াল লিখনের সঙ্গে তাঁর বা বিজেপির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন নন্দীগ্রামের বিজেপি নেতা অঞ্জন ভারতী। তিনি বলেন, “হয়তো কিছু উৎসাহী মানুষ এমন কাজ করেছেন। আবার বিরোধীরাও আমাদের কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এই বিষয়ে আমি বা বিজেপি সংগঠনের কেউ কিছু জানি না। আমি দলীয়ভাবে বিষয়টির তদন্তের দাবি জানিয়েছি।”
নন্দীগ্রাম-২ ব্লকের মণ্ডল-৪-এর সভাপতি সৌমিত্র দে বলেন, “নন্দীগ্রামের মাটি লড়াইয়ের মাটি। এই মাটি থেকেই বিগত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নন্দীগ্রামের চোর পবিত্র করকে পরাজিত করেছিলেন বিজেপি নেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ। দলের বাইরে কোনও সিদ্ধান্ত হয় না। এখনও দল প্রার্থীর নাম ঘোষণা করেনি। হয়তো কিছু উৎসাহী মানুষ আবেগের বশে এই কাজ করেছেন।”
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দু’টি কেন্দ্রেই জয়লাভ করেন। পরে নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় আসনটি শূন্য হয়ে যায়। সেই উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই বিজেপির সম্ভাব্য প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন ঘিরে দলের অন্দরেই চর্চা শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইস্তফার পর থেকেই নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয়। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় মেঘনাদ পাল, অঞ্জন ভারতী এবং প্রলয় পালের নাম উঠে এসেছে। তাঁদের অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারও শুরু করেছেন। এবার দেওয়াল লিখন ঘিরে সেই জল্পনা আরও তুঙ্গে উঠেছে।
এ বিষয়ে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রামনগরের প্রাক্তন বিধায়ক অখিল গিরির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।




