• facebook
  • twitter
  • youtube
Wednesday, 14 October, 2026

বিলবোর্ড কাণ্ডে পুলিশের তলবে সাড়া দিলেন অভিষেক, শেক্সপিয়ার সরণি থানায় সাংসদ

তাছাড়া ১ সেপ্টেম্বর একবার ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। তিনি তখন হাজিরাও দিয়েছিলেন

বিলবোর্ড কাণ্ডে পুলিশের তলবে সাড়া দিলেন অভিষেক, শেক্সপিয়ার সরণি থানায় সাংসদ

MP Abhishek Banerjee Photo-SNS

ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই ঘটনায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল শেক্সপিয়ার থানার পুলিশ। তাই বুধবার সকাল ১১টার সময় থানায় হাজিরা দেন ডায়মন্ডহারবারের সাংসদ। গত ২৭ আগস্ট অভিষেকের শেক্সপিয়ার সরণি এলাকায় অফিসের বিল বোর্ড খোলা নিয়ে উত্তেজনা তৈরি হয়। বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে পুলিশ, কলকাতা পুরসভার কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ওই ঘটনার জেরে শেক্সপিয়ার সরণি থানায় তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি নিয়েই যত গোলমালের সূত্রপাত।

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। বরং শেক্সপিয়ার সরণি থানায় ইমেল করে তিনি জানিয়েছিলেন, তাঁকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হোক। তার পরই পুলিশ অভিষেকের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছিল। বুধবার সকালেই হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই নোটিস পাওয়ার পর বুধবার সকালেই শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে কথা রাখলেন তিনি। এখানে পৌঁছতেই পুলিশের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বলে সূত্রের খবর।

পুলিশ এবং কলকাতা পুরসভার অফিসাররা যখন বিলবোর্ড খুলতে গিয়েছিলেন তখন তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিষেকের অনুগামীরা। ধাক্কাধাক্কি থেকে শুরু করে হাতাহাতির ঘটনা ঘটেছিল। তার মধ্যেই জোর করে পুলিশ ক্যামাক স্ট্রিটের ওই ভবনের ছাদে ওঠে এবং খুলে নেওয়া হয় তৃণমূলের নাম ও জোড়াফুল চিহ্ন দেওয়া বিলবোর্ড বলে অভিযোগ। এই বিলবোর্ড বেআইনিভাবে বসানো হয়েছিল এবং এলাকার নিরাপত্তার পক্ষে সেটা বিপজ্জনক বলে কলকাতা পুরসভার দাবি। তার পর আবার সেখানে একই নাম এবং চিহ্ন আঁকা ব্যানার টাঙিয়ে দেন তৃণমূল নেতারা। সে দিনের ঘটনায় শেক্সপিয়ার সরণি থানায় মোট তিনটি এফআইআর হয়েছিল। যার জেরেই এই তলব করা হয়েছে।

তাছাড়া ১ সেপ্টেম্বর একবার ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। তিনি তখন হাজিরাও দিয়েছিলেন। আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেন তদন্তকারীরা। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে নয়াদিল্লিতে গিয়েছিলেন অভিষেক। তাই বাড়িতে ছিলেন না তৃণমূল সাংসদ। শনিবার তিনি কলকাতায় ফিরে আসেন। তার পরই রবিবার তাঁর কালীঘাটের বাড়িতে আবার পৌঁছে যায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। সোমবার তাঁর কর্মসূচি ছিল বলেই থানায় যেতে পারেননি। বুধবার থানায় হাজিরা দিলেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।