রাজ্যে শিল্পোন্নয়নের লক্ষ্যে চলতি মাসেই দুটি বড় শিল্প প্রকল্পের সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। একটি হোসিয়ারি শিল্পের এবং অন্যটি ইস্পাত শিল্পের। এক সংবাদসংস্থাকে এই তথ্য জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তাঁর বক্তব্য, হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজ এবং বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিল তাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে সম্প্রসারণ প্রকল্প হাতে নিচ্ছে।
শিল্পমন্ত্রী জানান, আগামী ১১ জুলাই ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস হবে। অন্যদিকে ১৮ জুলাই মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানা সম্প্রসারণের সূচনা হবে। দুই কর্মসূচিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।
শিল্পমন্ত্রী আরও জানান, রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই সরকার কাজ করছে। সম্প্রতি শিল্পপতিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষাপটে পরপর দুই শিল্প সংস্থার সম্প্রসারণের উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
শ্যাম স্টিলের ডিরেক্টর ললিত বেরিওয়ালা জানিয়েছেন, সংস্থার মোট ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা ইস্পাত শিল্পের সম্প্রসারণে এবং বাকি ৫ হাজার কোটি টাকা প্রতিরক্ষা ও বিমান সরঞ্জাম তৈরির মতো অন্যান্য খাতে বিনিয়োগ করা হবে।
বর্তমানে মেজিয়ার কারখানায় বছরে ৭ লক্ষ টন ইস্পাত উৎপাদনের ক্ষমতা রয়েছে। প্রথম পর্যায়ে তা ১০ লক্ষ টন এবং পরবর্তী সময়ে ২০ লক্ষ টন পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রসারণের জন্য প্রায় ৫০০ একর জমি প্রয়োজন বলে সংস্থার তরফে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
অন্যদিকে, লাক্স ইন্ডাস্ট্রিজের এক আধিকারিক জানিয়েছেন, ডানকুনির সম্প্রসারণ প্রকল্পে সংস্থার বোর্ড ৬০০ কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করেছে। সম্প্রসারণের ফলে প্রায় ১২ লক্ষ বর্গফুট নতুন পরিকাঠামো যুক্ত হবে। এর ফলে ডানকুনির কারখানার মোট আয়তন বেড়ে প্রায় ২০ লক্ষ বর্গফুট হবে।




