• facebook
  • twitter
  • youtube
Sunday, 9 August, 2026

কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণে ঘটল ঝক্কি, দীর্ঘক্ষণ চক্কর কাটল মাঝ আকাশে

বিমানবন্দর সূত্রে খবর, অবতরণের সময়ই সমস্যা দেখা দেয়। অবতরণ করার সময় রানওয়ে থেকে তখন প্রায় আট নটিকাল মাইল দূরে ছিল বিমানটি।

কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণে ঘটল ঝক্কি, দীর্ঘক্ষণ চক্কর কাটল মাঝ আকাশে

Flight Landing Problem Photo-SNS

আবার লেজার আলোর জেরে মাঝ আকাশে বিমানকে চক্কর কাটতে হলো। কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় সমস্যায় পড়তে হলো আন্তর্জাতিক বিমানকে। তার জেরে অবতরণ করতে না পেরে মাঝ আকাশে চক্কর কাটতে হলো। লেজার আলোর ঝলকানিতে দিকবিভ্রান্তি হয়ে পড়েন পাইলট। আর তাই নির্ধারিত সময়ে অবতরণ না করতে পেরে মাঝ আকাশেই দীর্ঘক্ষণ চক্কর কাটতে হয় বিমানকে। অবশেষে সেই বিপদ কাটিয়ে নিরাপদভাবে বিমানটি অবতরণ করে। বারবার লেজার আলোর সমস্যা তৈরি হওয়ায় বিপদের আশঙ্কা করছেন অনেকে।

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, ১৫৯ জন যাত্রী এবং ৭ জন কেবিন ক্রু সদস্য নিয়ে মাঝ আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। অবশেষে পরে সঠিকভাবেই বিমান অবতরণ করতে সক্ষম হয়। এই ঘটনার মধ্যে দিয়ে বড় বিপদ এড়াল কলকাতা বিমানবন্দর। ওই উড়ানে থাকা সকল সদস্যই সুস্থ আছেন। এই ঘটনার পর কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে এনএসসিবিআই থানায় অভিযোগ জানানো হয়েছে। শনিবার কুয়ালালামপুর থেকে কলকাতার দিকে আসছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএচ-১৮৪ বিমান। রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ বিমানটির অবতরণ করার কথা ছিল।

এদিকে বিমানবন্দর সূত্রে খবর, অবতরণের সময়ই সমস্যা দেখা দেয়। অবতরণ করার সময় রানওয়ে থেকে তখন প্রায় আট নটিকাল মাইল দূরে ছিল বিমানটি। ঠিক তখনই মধ্যমগ্রাম এবং বারাসাতের দিক থেকে ককপিটে লেজার আলোর ঝলকানি দেখা যায়। লেজারের আলোয় দিকবিভ্রান্ত হয়ে যান পাইলট। তার জেরে অবতরণ করতে পারে না আন্তর্জাতিক বিমানটি। একপ্রকার বাধ্য হয়েই মাঝ আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। সময়ে অবতরণ করতে না পেরে বাধ্য হয়েই আকাশে চক্কর কাটতে থাকেন পাইলট। পরে রাতে যাত্রী নিয়ে রানওয়েতে অবতরণ করে বিমানটি। ৫৭এল পার্কিং বে-তে পার্ক করা হয়। এই ঘটনার পরই সংশ্লিষ্ট বিমান সংস্থার পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়।

অন্যদিকে আগেও একাধিকবার এই ধরণের ঘটনা ঘটেছে। আগেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপরেও তা থামেনি। বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে? প্রশ্ন উঠছে। দুর্গাপুজোর সময় দমদমের শ্রীভূমি স্পোটিং ক্লাবের মণ্ডপে লেজার আলোর ব্যবহারের জেরে সমস্যায় পড়েছিলেন পাইলট। লেজার শো বন্ধ করতে হয়েছিল। লেজার আলোর তীব্র ঝলকানিতে রানওয়ে দেখার সময় পাইলটদের সাময়িক দৃষ্টিশক্তি কমে যায়। তাই সমস্যা তৈরি হয়। পুলিশ বারবার এই বিষয়ে সাবধান করলেও কাজের কাজ কিছুই হয়নি। তবে শনিবারের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।