• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

কলকাতার দু’জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার তিন

শুক্রবার রাতে কলকাতার দুটি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতীকী চিত্র।

শুক্রবার রাতে কলকাতার দুটি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’টি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতেরা কোনও অস্ত্রপাচারকারী চক্রের সঙ্গে জড়িত কি না, তাও দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ কলকাতার নর্থ পোর্ট থানা এলাকায় আর্মেনিয়ান ঘাটের কাছে স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম – মহম্মদ সাইম আখতার এবং মহম্মদ দিলশাদ। আনন্দপুরের বাসিন্দা ওই দুই যুবকের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

রাত পৌনে ১২টা নাগাদ নারকেলডাঙা থানা এলাকায়, ক্যানাল ওয়েস্ট রোড এবং পার্সেল রোডের সংযোগস্থল শেখ সামির ওরফে দাতুন নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আনন্দপুরের বাসিন্দা সামিরের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দু’টি কার্তুজ উদ্ধার হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এক দুষ্কৃতীকে বিক্রি করার জন্য ওই আগ্নেয়াস্ত্র কিনেছিলেন শেখ সামির। সেই দুষ্কৃতীও ওই এলাকাতেই ছিল। পুলিশকে দেখে গা ঢাকা দেন তিনি। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। কোথা থেকে এই অস্ত্র কিনেছিলেন সামির, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।