রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার প্রথম ২১ জুলাই শহিদ দিবসকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। ১৯৯৩ সালের ২১ জুলাই রাইটার্স অভিযানে পুলিশের গুলিতে নিহত ১৩ শহিদের অন্যতম হুগলির সাহাগঞ্জের অসীম দাসের পরিবারকে নিজেদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে তৎপর একাধিক রাজনৈতিক দল। তাদের মধ্যে জাতীয় কংগ্রেস, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল–সব পক্ষই শহিদ পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।
কয়েকদিন আগে কালীঘাট তৃণমূলের নেত্রী দোলা সেন অসীম দাসের বাড়িতে যান। শনিবার ঋতব্রতপন্থী তৃণমূলের হুগলি জেলা সভাপতি সন্তোষ সিং-ও তাঁদের আমন্ত্রণ জানান। অন্যদিকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি সুব্রত মুখোপাধ্যায় ও নেতা প্রীতম ঘোষ চিঠি দিয়ে শহিদ দিবসের কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কংগ্রেসের দাবি, তারা কখনও ২১ জুলাইয়ের শহিদদের ভুলে যায়নি।
তবে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও শহিদ অসীম দাসের দাদা শিবু দাস জানান, এই রাজনৈতিক বিভাজন তাঁরা মেনে নিতে পারছেন না। তাঁর কথায়, প্রতি বছর যেমন শহিদ দিবসে অংশ নিয়েছেন, এবারও যাবেন। তবে তাঁদের সমর্থন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ৩৩ বছর ধরে আমাদের পরিবারের পাশে রয়েছেন। তাই তাঁকে ছেড়ে অন্য কোনও শিবিরে যাওয়ার প্রশ্নই ওঠে না।’