শহরের প্রভাবশালী তিনজন ব্যবসায়ী। আর তাঁদের সকলের বিরুদ্ধে আছে মারাত্মক অভিযোগ। নিজেদের প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি করেন তাঁরা। তারপর সেই নথি দিয়ে বিশাল পরিমাণ জমি হাতিয়ে নিয়েছেন তাঁরা বলে অভিযোগ। এই মামলার তদন্তে নেমে নানা তথ্যপ্রমাণ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসাররা। তদন্তে উঠে এসেছে জাল নথি দেখিয়ে পরিকল্পিতভাবে দক্ষিণ কলকাতার গড়িয়া এবং তার সংলগ্ন অঞ্চলের একের পর এক জমি হাতিয়ে নিয়েছেন এই তিন ব্যবসায়ী বলে অভিযোগ।
ইডি সূত্রে খবর, এবার ওই তিন ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়, রামপ্রসাদ মুখোপাধ্যায় এবং দেবাশিস চৌধুরীর বিরুদ্ধে বিচার ভবনের বিশেষ আদালতে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখানেই শেষ নয়, রাজ্য পুলিশের দায়ের করা ১৩টি এফআইআরের ভিত্তিতে আর্থিক তছরুপের তদন্ত শুরু করে ইডি। সোনারপুর থেকে শুরু করে নরেন্দ্রপুর এবং বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় দায়ের হওয়া মামলাগুলিতে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি ও জাল নথি ব্যবহারের অভিযোগ ছিল। সেগুলির তদন্তে নেমে তথ্যপ্রমাণ হাতে এসেছে। এই অপরাধ সংগঠিত করতে আর যারা জড়িত তাদের খুঁজছে তদন্তকারীরা। এভাবেই বিরাট আর্থিক মুনাফা করেছেন তাঁরা।
চার্জশিটে ইডি দাবি করেছে, গড়িয়া ও তার সংলগ্ন এলাকায় দামি জমি হাতানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল। তাই জালিয়াতি করতে জাল নথি তৈরি করেন অমিত গঙ্গোপাধ্যায় ও তাঁর সহযোগীরা। ভুয়ো পাওয়ার অফ অ্যাটর্নি, ভুয়ো বোর্ড রেজোলিউশন এবং উত্তরাধিকার বিষয়ক নথি তৈরি করে কোটি কোটি টাকার জমি হাতিয়ে নেয় বলে অভিযোগ। প্রথমে জমির মালিকদের সঙ্গে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যোগাযোগ তৈরি করতেন অভিযুক্তরা। আর জমির মালিকানার নথি বিকৃত করা হতো। পরে সেই নথির ভিত্তিতে জমির মালিকানা এবং অধিকার হস্তান্তরের জন্য রেজিস্ট্রি দলিল তৈরি, জমির রেকর্ডে মিউটেশন এবং দেওয়ানি মামলা দায়ের করা হতো।
তাছাড়া এই কাজের জেরে আসল জমির মালিকরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হতো। আবার জমির মালিকদের হুমকি থেকে শুরু করে জমিতে প্রবেশ করলেই বাধা দেওয়া হতো বলে অভিযোগ। ইডির চার্জশিটে সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে দুটি প্রকল্পের নাম। প্রথম প্রকল্পের মাধ্যমে ৪ কোটি ১২ লাখ টাকা এবং দ্বিতীয় প্রকল্পের মাধ্যমে ৭১ কোটি ৬২ লাখ টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়। একটি সংস্থার মালিকানাধীন ৬.৪১ একর জমির অধিকার একটি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য জাল বোর্ড রেজোলিউশন তৈরি করা হয়েছিল। এই বেআইনি কাজের নেপথ্যে অমিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রামপ্রসাদ মুখোপাধ্যায় এবং দেবাশিস চৌধুরীর যোগের প্রমাণ মিলেছে। গত মার্চ মাসে অমিত গঙ্গোপাধ্যায় ও অন্য দুই অভিযুক্ত ব্যবসায়ীর বাড়ি ও অফিসে ইডি তল্লাশি চালায়। গত ১৫ সেপ্টেম্বর অমিত গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার হন।




