গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে রবিবার এসে বড় বার্তা দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও ভূয়সী প্রশংসা করলেন। এখন পশ্চিমবঙ্গ সরকার শিল্পের বিকাশ, উন্নয়ন করছে বলেও জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে জাহাজ নির্মাণ এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা বাড়াতে জিআরএসি ও ওয়াইআইএলের (যাত্রা ইন্ডিয়া লিমিটেড) বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা ভারতের জাহাজ নির্মাণ এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গার্ডেনরিচ শিপবিল্ডার্স ভবনে পাঁচটি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো।
এদিকে ৩৪০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে এই প্রকল্পে। রবিবার সেই নতুন প্রকল্পের ভূমিপুজো উপলক্ষ্যে কলকাতায় আসেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। একেবারে পাশে মুখ্যমন্ত্রীকে রেখে রাজনাথ সিং বললেন, ‘রাজ্যে আগে শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর আসছে। বাংলার বাতাসে এখন এক নতুন গন্ধ। এটি শুধু পরিবর্তন নয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে সরকার গঠনের পর আমি বলতে পারি, এই পরিবর্তন আসলে উন্নয়নের পথ। এখনকার নতুন সরকার শিল্পের বিকাশ, উন্নয়ন করছে।’
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীও ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রীকে। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স জিআরএসি-এর ৩,৪০০ কোটি টাকার বিনিয়োগকে ঐতিহাসিক বলে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে কৃতজ্ঞতা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নয়াদিল্লিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের স্মৃতিতর্পণ করে বলেন, ‘রাজনাথ সিং ‘কথা দিয়ে কথা রাখার মানুষ’। পশ্চিমবঙ্গে বিনিয়োগ নিয়ে আসা এবং রাজ্যকে ঘুরে দাঁড় করানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আগের সরকার কেন্দ্রীয় সরকারের কোনও দপ্তরের সঙ্গেই যৌথভাবে কাজ করতে চাইত না। জমি, দক্ষ মানবসম্পদ, পরিকাঠামো এবং কাঁচামালের মতো প্রয়োজনীয় সমস্ত রসদ থাকা সত্ত্বেও এই অসহযোগিতার কারণে পশ্চিমবঙ্গ বছরের পর বছর ধরে পিছিয়ে পড়েছে। তবে এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার ফুল স্পিডে দৌড়চ্ছে।’
তাছাড়া ৩,৪০০ কোটি টাকার মোট পাঁচটি মেগা প্রকল্পে রয়েছে-১) রায়চক শিপইয়ার্ড, ২) টিম্বার পন্ড শিপ বিল্ডিং ফ্যাসিলিটি ৩) দামোদর শিপ বিল্ডিং ফ্যাসিলিটি ৪) রেডিয়াল ফোর্জিং প্ল্যান্ট এবং ৫) ৩০০০ টন ওপেন ডাই ফোর্জিং প্রেস। রাজনাথ সিংয়ের কথায়, ‘সব কিছু শুভ হচ্ছে। এই রাজ্যে এখন বিনিয়োগের খবর। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতিতে পরিবর্তন হয়েছে। এই প্রকল্প নতুন অনুসারী শিল্পের জন্ম দেবে। বন্দে মাতরম মন্ত্র দিয়েছে বাংলা। নবজাগরণের সাক্ষী হয়েছে বাংলা। প্রতিরক্ষা ক্ষেত্রেও ভূমিকা নিয়েছে বাংলা। শিল্প নবজাগরণের পথে হাঁটছে বাংলা। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী।’




