বর্ষীয়ান সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। তাঁর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছোঁডা হয় বলে অভিযোগ। এমনকী মদের বোতল ছুঁড়ে জানালার কাচ ভাঙা হয় বলে অভিযোগ উঠেছে। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এই হামলার পাশাপাশি হুমকি এবং গালিগালাজ করা হয় বলেও অভিযোগ সিপিএম নেতার। এই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে যাদবপুর থানার পুলিশ। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা স্পষ্ট নয়। এই ঘটনায় ‘হিন্দুত্ববাদী গুন্ডাদের’ দায়ী করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
এই ঘটনার পর বিকাশবাবু সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ ‘হিন্দুত্ববাদী গুন্ডারা’ তাঁর পূর্ব যাদবপুর থানা এলাকার বাড়িতে হামলা চালায়। মোটরবাইকে চেপে এসে বাড়ির কাচের জানালা লক্ষ্য করে মদের বোতল ছুঁড়তে থাকে কয়েকজন। আর বিকাশরঞ্জনের উদ্দেশে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে তারা। এই হামলা থেকে তাঁর বাড়ির পরিচারিকা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। মোটরবাইকের নম্বর প্লেট কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। তাই কাউকে চেনা সম্ভব হয়নি। সিপিএম নেতা বলেন, ‘হঠাৎ করে বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় বাড়ির জানালার কাচ। একেবারে পরিকল্পনা করে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। তবে এই ঘটনা ঘটিয়ে আমাকে ভয় দেখানো যাবে না।’
বাড়ির সিসি ক্যামেরার ফুটেজেও এই হামলার ছবি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গামছায় মুখ ঢেকে মোটরবাইকে চেপে এসেছে। বিকাশবাবুর বাড়ির সামনে মোটরবাইক রেখে একটি ব্যাগ থেকে একের পর এক মদের বোতল বের করে ছুঁড়ে যাচ্ছে। গালিগালাজ করে বলছে, ‘আমাদের পিছনে লাগবি না, আমরা দেশভক্ত’। যদিও এই ফুটেজ খতিয়ে দেখেনি দৈনিক স্টেটসম্যান বাংলা ডিজিটাল। এই বিষয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, ‘খুব পরিকল্পিত আক্রমণ এটা। এরা যদি সন্ত্রাসবাদী না হয় তবে কারা? ওই সন্ত্রাসবাদীরা জেনে রাখুক, আমাকে ভয় দেখানো যাবে না। এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব। সবাই যাতে সাবধানে হয়ে যায়।’
তাছাড়া গত জুন মাসে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ আয়োজন করেছিল হিন্দুত্ববাদীরা। এই যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়কের বাড়িতেও হামলা চালানো হয়েছিল। এই গোটা ঘটনা নিয়ে বিকাশের তোপ, ‘হিন্দুত্ববাদীরা এসব করেছে। ওরা সব মায়ের সন্তান। ওরা আমাকে নাকি শিক্ষা দেবে। এভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। যাঁরা গরিব মানুষের হয়ে লড়াই করছেন, তাঁদের উপরেই হামলা করা হচ্ছে।’




