• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

চণ্ডীতলায় পথ দুর্ঘটনার তদন্তে বড় সাফল্য, উদ্ধার ৪টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ, গ্রেপ্তার ৩

হুগলী জেলার চণ্ডীতলা থানা এলাকায় একটি পথ দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ। বনমালীপুর শ্মশানের কাছে সিঙ্গুর রোডে

চণ্ডীতলায় পথ দুর্ঘটনার তদন্তে বড় সাফল্য,  উদ্ধার ৪টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ, গ্রেপ্তার ৩

PIC-SNS

হুগলী জেলার চণ্ডীতলা থানা এলাকায় একটি পথ দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য পেল পুলিশ। রবিবার সকালে বনমালীপুর শ্মশানের কাছে সিঙ্গুর রোডে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মোটর ভ্যানে ধাক্কা মারে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন যুবক আহত হন এবং স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন।

খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের জিজ্ঞাসাবাদের সময় তাঁদের বক্তব্যে অসংগতি ধরা পড়ায় পুলিশের সন্দেহ হয়। এরপর আইনানুগ প্রক্রিয়া মেনে তল্লাশি চালানো হলে একজনের কোমর থেকে একটি বেআইনি .৩২ বোরের দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। অস্ত্রটির ম্যাগাজিনে একটি ৭.৬৫ মিমি তাজা কার্তুজ লোড করা ছিল।

বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল এবং সংশ্লিষ্ট মোটর ভ্যান বাজেয়াপ্ত করা হয়।

পরবর্তীকালে পুলিশ রিমান্ড চলাকালীন ধৃতদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করে আরও ৩টি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ফলে মোট উদ্ধার হওয়া বেআইনি আগ্নেয়াস্ত্রের সংখ্যা দাঁড়ায় ৪টি এবং কার্তুজের সংখ্যা ৬ রাউন্ড। সমগ্র উদ্ধার ও তদন্ত প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন এসডিপিও চণ্ডীতলা শ্রী তমাল সরকার মহাশয় ।

প্রাথমিকভাবে এটি একটি সাধারণ পথ দুর্ঘটনা বলে মনে হলেও পুলিশের তৎপরতা, পেশাদার তদন্ত ও ধারাবাহিক জিজ্ঞাসাবাদে সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র সামনে আসে। ধৃতরা আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় এবং কী উদ্দেশ্যে যাচ্ছিল, এর সঙ্গে অন্য কোনো অপরাধমূলক পরিকল্পনা জড়িত ছিল কি না, সেই বিষয়গুলি খতিয়ে দেখে চণ্ডীতলা থানার পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হুগলী গ্রামীণ জেলা পুলিশ সর্বদা সতর্ক, সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।