• facebook
  • twitter
Friday, 15 May, 2026

তিলজলা অগ্নিকাণ্ড মামলায় ভাঙার উপর স্থগিতাদেশ হাই কোর্টের

কারখানা চালানোয় নিষেধাজ্ঞা

তিলজলায় বেআইনি কারখানা।

তিলজলার অগ্নিকাণ্ডের ঘটনায় বিতর্কিত সম্পত্তি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ জানিয়ে দিয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই সম্পত্তি ভাঙা যাবে না। তবে একই সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে, ওই চত্বরে কোনও ধরনের কারখানার কাজও চলতে পারবে না।

আদালতের নির্দেশে কলকাতা পুরসভা এবং পুলিশকে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। আগামী ২২ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Advertisement

এদিন শুনানির সময় বিচারপতি রাজা বসু চৌধুরী মন্তব্য করেন, শহরের একাধিক এলাকায় লাগামছাড়া বেআইনি নির্মাণ বেড়েই চলেছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে বলেও আদালতের পর্যবেক্ষণ। এই ধরনের বেআইনি নির্মাণ রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতের এই পর্যবেক্ষণকে সমর্থন করেছেন। তিনি আদালতে জানিয়েছেন, শহরে বেআইনি নির্মাণের প্রবণতা ভয়াবহ আকার নিচ্ছে। প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, তিলজলার অগ্নিকাণ্ডের পর থেকেই ওই সম্পত্তির বৈধতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। স্থানীয়দের একাংশ অভিযোগ করেছিলেন, নিয়ম না মেনেই সেখানে কারখানার কাজ চলছিল। সেই প্রেক্ষিতেই কলকাতা পুরসভা ভাঙার প্রক্রিয়া শুরু করেছিল বলে সূত্রের খবর।

Advertisement