শিশুদের কাছে এখনও কমিকসের বইয়ের চাহিদা রয়েছে। ছুটিতে কিংবা অবসর সময়ে শিশুরা কমিকসের বই পড়ে থাকে। এবার শিশুদের কমিকসের বইয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জায়গা করে নিতে চলেছে। তাও খুব মজা এবং সাহসিকতার বার্তা দিয়ে। যাতে শিশু মনে সাহসের সঞ্চার হয়। আবার তারা মজাও পায়। দেশের প্রধানমন্ত্রী কেমন, কী কাজ করেন, কতটা সাহসী, সাহসের সঙ্গে কী কী কাজ করেছেন থেকে শুরু করে কী খান, কোথায় থাকেন গল্পের আকারে তা তুলে ধরা হবে। যাতে শিশুদের মনে ন্যায়, নিষ্ঠা, সততা এবং সাহসিকতা গড়ে ওঠে। প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে তাঁর বিজয়গাঁথা তুলে ধরার উদ্যোগ নিয়েছে বিজেপি। তাই এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের হাতে মোদীজিকে নিয়ে তৈরি কমিকস বই দেওয়া হবে।
শিশুরা সেই বই পড়ে একদিকে যেমন আমোদ পাবে তেমন মনে সাহস নিয়ে বড় হবে। বুদ্ধির বিকাশে এই বই সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। কারণ এখানে অনেক সাধারণ জ্ঞান মজার ছলে গল্পের আকারে তুলে ধরা হয়েছে। সুতরাং এই বই হাতে পেয়ে শিশুদের কাছে প্রধানমন্ত্রী হয়ে উঠবেন ‘সুপার হিরো’। এই বিষয়টি প্রকাশ্যে আনেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোল বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ‘সেবা সংকল্প’ অভিযান নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। আগামী ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে একমাস ধরে কী করা হবে সেটাও তুলে ধরেন মন্ত্রী। সেখানেই এই কমিকস বইয়ের বিষয়টি তুলে ধরেন পুরমন্ত্রী।
এই কমিকস বইতে দেশের নানা কথা তুলে ধরা হয়েছে। যা পড়ে নানা জায়গার কথা জানতে পারবে শিশুরা। সেখানে দেখার বিষয় থেকে শুরু করে দেশের বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। কমিকসের বইয়ের মাধ্যমে দেশের নানা কথা তুলে ধরা হবে শিশুদের কাছে। যাতে তাদের শিশু মনে জায়গা করে নেয় এই দেশ। এই বিষয়ে পুরমন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদীজি গুজরাতে কী উন্নয়ন করেছিলেন, তাঁর নেতৃত্বে দেশ অর্থনীতিতে ১১তম স্থান থেকে আজ তিন নম্বরে পৌঁছনোর মুখে। এই কমিকস বইয়ে শিশুরা তাঁদের মতো করে দেশের প্রধানমন্ত্রীকে জানার সুযোগ পাবে। এই বই বাংলার প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।’
তাছাড়া আসানসোলের যে হোটেলে বিজেপির অনুষ্ঠান হয়েছে সেখানে অগ্নিমিত্রা পাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী ডা. অজয় পোদ্দার, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য বিদ্যাসাগর চক্রবর্তী-সহ অন্যান্যরা। শুধু কমিকস বই পড়ুয়াদের হাতে দিয়েই থামবে না বিজেপি। নরেন্দ্র মোদীর প্রকল্পের সাফল্য তুলে ধরতে প্রত্যেকটি এলাকায় গিয়ে চলবে নিরন্তর প্রচার।




