• facebook
  • twitter
  • youtube
Monday, 27 July, 2026

মুকুন্দপুরের পর গল্ফগ্রিন, চাকরির টোপ দিয়ে তরুণীকে দিনভর ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

এখানেই শেষ নয়, ওই যুবক সায়েল তক্কে তক্কে ছিল। তরুণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছিল সায়েল

মুকুন্দপুরের পর গল্ফগ্রিন, চাকরির টোপ দিয়ে তরুণীকে দিনভর ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

GolfGreen Rape Photo-Representative

মুকুন্দপুরের রেভ পার্টিতে কিশোরীকে ধর্ষণের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এবার গল্ফগ্রিনে একটি ফ্ল্যাটে তরুণীকে চাকরির টোপ দিয়ে নিয়ে গিয়ে দিনভর ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। চাকরির বায়োডাটা জমা করার জন্য টোপ দিয়ে তরুণীকে ফ্ল্যাটে ডেকে মাদক মেশানো কোল্ড ড্রিঙ্ক খাইয়ে তাঁকে বেহুঁশ করা হয়। তার পর তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গল্ফগ্রিন থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। নেশা কাটার পর তরুণী দেখেন তাঁর পোশাক খোলামেলা হয়ে গিয়েছে। শরীরে ব্যথা অনুভব করেন।

তারপর ওই অবস্থায় বাড়ি ফিরে সব কথা জানালে পরিবারের সদস্যরাই তাঁকে নিয়ে যান গল্ফগ্রিন থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করা এবং একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবক সায়েল মণ্ডলকে তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর বিয়ের জন্য কিছুদিন ধরে পাত্র খুঁজছিলেন তাঁর বাবা। এক ঘটকের সঙ্গে কথাবার্তাও হয়েছিল। ওই ঘটকই সায়েলকে তরুণীদের বাড়িতে নিয়ে এসেছিল। দুই পরিবারের মধ্যে কথাবার্তাও হয়। তরুণী তখন তাঁর বাবাকে জানিয়ে দিয়েছিল, পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার পর বিয়ে করবেন। মেয়ের কথা মেনে নেন বাবা। তিনি তখন সায়েলকে জানিয়ে দেন, মেয়ে এখনই বিয়ে করতে রাজি নয়। পরে এই বিষয় নিয়ে ভাবা যাবে। তারপরেও ওই যুবক তরুণীর পিছনে পড়েছিল।

এখানেই শেষ নয়, ওই যুবক সায়েল তক্কে তক্কে ছিল। তরুণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছিল সায়েল। নানা অজুহাত খাঁড়া করে বেশ কয়েকবার দেখাও করে ওই যুবক। সেই সূত্রে সায়েল জানতে পারে ওই তরুণী চাকরির খোঁজ করছেন। তখনই ফন্দি আঁটে সায়েল। তারপর একদিন রাস্তায় অপেক্ষা করছিল যুবক। আর ওই সময় অভিযোগকারিণী বাড়ি থেকে বেরিয়ে দেখতে পান সায়েলকে। নানা কথা বলার সময় একটি কোম্পানিতে নিয়োগ চলছে বলেও জানান সায়েল। সেখানে তার পরিচিত আছে। চাকরি পেতে কোনও কষ্ট করতে হবে না। সব হয়ে যাবে বলে আশ্বাস দেয়। তাতে বিশ্বাস করে ২৩ জুলাই তরুণীকে ডেকে পাঠায় নিজের ফ্ল্যাটে।

ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে তরুণীকে সেখানে কোল্ড ড্রিঙ্কের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেয়। যা বুঝতে পারেননি ওই তরুণী। কোল্ড ড্রিঙ্ক খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বেহুঁশ হয়ে পড়েন তরুণী। তখনই তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। নেশা কাটলে তরুণী দেখেন, তাঁর জামাকাপড় ঠিক নেই। শরীরে ব্যথাও করছে। ২৪ জুলাই গল্ফগ্রিন থানায় লিখিত অভিযোগ করেন তরুণী। তার ভিত্তিতে ২৫ জুলাই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে সরকারি আইনজীবী শুভাশিস ভট্টাচার্য পুলিশ হেপাজতের দাবি জানান। আদালত তা মঞ্জুর করে।