• facebook
  • twitter
  • youtube
Monday, 10 August, 2026

বউদিকে বউ সাজিয়ে লোন হাতানোর অভিযোগ, কিস্তি আদায়ের সময়তেই বিপাকে যুবক

লোন নেওয়ার পরে সময়মতো কিস্তির টাকা ফেরত না দেওয়ায় তাহিরের প্রাক্তন স্ত্রীর সঙ্গে ওই সংস্থা যোগাযোগ করে। সংস্থার তরফে তাহিরের প্রাক্তন স্ত্রীকে ওই কিস্তির টাকা ফেরত দিতে বলা হয়।

বউদিকে বউ সাজিয়ে লোন হাতানোর অভিযোগ, কিস্তি আদায়ের সময়তেই বিপাকে যুবক

CBI Arrest Photo-SNS

বছর তিনেক আগেই বউ-এর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে যুবকের। এদিকে বউ না থাকায় কীভাবে লোন পাবেন সেই নিয়ে চিন্তায় পড়েন যুবক। শেষ পর্যন্ত বউদিকে বউ সাজিয়ে ঋণদাতা সংস্থার কাছ থেকে ৩ লক্ষ ২৬ হাজার টাকা নেন ওই যুবক। বিষয়টি সামনে আসতেই বন্দর এলাকার নাদিয়াল থানার পুলিশ তৎপর হয়। এরপর পুলিশ অভিযুক্ত শেখ তাহির আলিকে গ্রেপ্তার করে।

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রের খবর, প্রায় তিন বছর আগে তাহিরের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু বিচ্ছেদের পরেও স্ত্রীর নামেই একটি ঋণদাতা সংস্থার কাছ থেকে তাহির লক্ষাধিক টাকা তোলেন বলে অভিযোগ। জানা গিয়েছে, তাহির বউদিকে নিজের বউ বলে পরিচয় দিয়ে নাদিয়ালের ওই ঋণদাতা সংস্থার কাছে নিয়ে গিয়েছিলেন। এমনকী সেখানে ফর্ম পূরণের তাতে তাহিরের স্ত্রীর নাম লিখলেও বউদির ছবি ব্যবহার করা হয়।

পুলিশ সূত্রের খবর, বউদিকে বউ সাজিয়ে ঠিক এভাবেই ওই ঋণদাতা সংস্থার কাছ থেকে তাহির লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন। লোন নেওয়ার পরে সময়মতো কিস্তির টাকা ফেরত না দেওয়ায় তাহিরের প্রাক্তন স্ত্রীর সঙ্গে ওই সংস্থা যোগাযোগ করে। সংস্থার তরফে তাহিরের প্রাক্তন স্ত্রীকে ওই কিস্তির টাকা ফেরত দিতে বলা হয়। প্রথমে তাহিরের স্ত্রী বিষয়টি ভুয়ো ভেবে পাত্তা দেননি। কিন্তু লাগাতার সংস্থার তরফ থেকে ওই মহিলার উপরে চাপ সৃষ্টি করা হয়। তারপরেই তিনি বিষয়টি বুঝতে পারেন।

আরও পড়ুন: গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আত্মসাৎ লক্ষ লক্ষ টাকা, পুলিশের জালে ব্রাঞ্চ ম্যানেজার

জানা গিয়েছে, নাদিয়ালের ওই সংস্থার অফিসে গিয়ে তাহিরের প্রাক্তন স্ত্রী নথি দেখতে চান। সেই নথি দেখেই তাহিরের প্রাক্তন স্ত্রী গোটা বিষয়টি বুঝতে পারেন। এরপরেই তিনি নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাহিরকে গ্রেপ্তার করে। তবে এই ঘটনায় তাহিরের বউদির কতটা ভূমিকা রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।