কিছু মানুষের জীবনসংগ্রাম, আত্মত্যাগ ও নিরলস পরিশ্রমের গল্প হয়ে ওঠে অসংখ্য মানুষের এগিয়ে চলার প্রেরণা। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার ভিকি রায়ের উত্থানের কাহিনি কিছুটা এই রকমই। দারিদ্র্য ও পারিবারিক প্রতিকূলতার কারণে মাত্র ১১ বছর বয়সে তিনি ঘর ছেড়ে দিল্লিরর উদ্দেশে পাড়ি দেন। এমন সময়ও ছিল যখন তিনি নয়াদিল্লি রেল স্টেশনে বোতল ও আবর্জনা কুড়িয়ে, স্থানীয় ধাবায় বাসন মেজে জীবন কাটিয়েছেন। আজ সেই ভিকি রায়ের জীবনীই বড়পর্দায় আসতে চলেছে। তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে হলিউডের চলচ্চিত্র নির্মাতারা তার বায়োপিক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন।
ভিকি রায়ের ছোটবেলা কেটেছে পুরুলিয়া এক প্রত্যন্ত গ্রামে। দারিদ্র্যের সঙ্গে সখ্যতা ছিল শৈশব থেকেই । মাত্র ১১ বছর বয়সে বাড়ি থেকে সামান্য টাকা চুরি করে পালিয়ে যান দিল্লি। এখান থেকেই শুরু হয় তার জীবনযুদ্ধের পরবর্তী অধ্যায়। দু’মুটো ভাত জোগাড় করতে স্টেশন থেকে বোতল কুড়িয়ে তাতে ঠান্ডা জল ভরে বিক্রি করা শুরু করেন। এরপর একটা ধাবাতেও কিছুদিন কাজ করেন। ছোট্ট ভিকিকে ধাবায় কাজ করতে দেখে এক সহৃদয় ব্যক্তি তাঁকে ‘সালাম বালক ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় নিয়ে যান। সেখানে এক ব্রিটিশ আলোকচিত্রশিল্পীর সঙ্গে আলাপ হয় ভিকির। এরপরই ফটোগ্রাফির প্রতি তাঁর আগ্রহ জন্মায়। তিনি ত্রিবেণী কলা সঙ্গমে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেন এবং আলোকচিত্রী অনয় মানের কাছে ফটোগ্রাফি নিয়ে প্রশিক্ষণ নেন।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ‘মেব্যাক ফাউন্ডেশন’ তাঁকে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পুনর্নির্মাণ প্রক্রিয়ার ছবি তোলার দায়িত্ব দিয়েছিল। এই সুযোগে তিনি নিউইয়র্কের ‘ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফটোগ্রাফি’-তে ডকুমেন্টারি ফটোগ্রাফির ওপর ছয় মাসের একটি কোর্স করারও সুযোগ পান। তাঁর এই সাফল্য শুধু দেশে নয়, আন্তর্জাতিক স্তরে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এর স্বীকৃতিস্বরূপ বাকিংহাম প্যালেসে প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণের আমন্ত্রণ পান ভিকি। এছাড়া, এমআইটি ফেলোশিপ, ২০১৮ সালে ভোগ ইন্ডিয়া-এর ‘৪০ আন্ডার ৪০’ এবং ২০১৬ সালে ফোর্বস এশিয়া’-এর ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।
আরও পড়ুন: গোপালপুরে ঘূর্ণঝড় অ্যাকভানের ল্যান্ডফল! তিন ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, ওড়িশায় সতর্কতা
ভিকি রায়ের রূপকথার মতো এই উত্থানের ওপর ভিত্তি করে হলিউডে ‘স্ট্রিট ড্রিমস’ নামে একটি বায়োপিক তৈরি করা হচ্ছে। এই বায়োপিকের চিত্রনাট্য লিখছেন সুনি তারাপোরওয়ালা, যিনি মিরা নায়ারের পরিচালিত বিখ্যাত ‘সালাম বোম্বে’ চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলেন। এর পাশাপাশি, প্রখ্যাত লেখিকা ও সাংবাদিক সি. কে. মীনা তাঁকে নিয়ে জীবনী লিখছেন। সেই উদ্দেশ্যে সম্প্রতি তিনি পুরুলিয়ায় ভিকি রায়ের শৈশবের গ্রামে গিয়েছিলেন। তাঁর প্রারম্ভিক জীবন, পৈতৃক বাড়ি এবং তাঁর বেড়ে ওঠার পরিবেশ সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছেন। পুরুলিয়ার গ্রাম থেকে দিল্লি পালিয়ে আসা সেই ১১ বছরের ছেলেটা আজ বিশ্ব দরবারে সমাদৃত। ভিকি রায়ের এই পথচলা প্রমাণ করে, মানসিক দৃঢ়তা এবং সঠিক সুযোগ পেলে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সাফল্যের শিখরে পৌঁছনো সম্ভব।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=bGck25TjgX9swMQI” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>