পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যাদবপুর (Jadavpur) স্টেশনে ৩ হাজার ৪৫ বর্গমিটার এলাকায় আধুনিক শপিং হাব (Shoping Mall) তৈরি করা হবে। একই ছাদের নিচে থাকবে বিভিন্ন ধরনের দোকান। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে খাবার, সবই পাওয়া যাবে সেখানে। তবে প্রতিটি স্টলের আয়তন ৮০ বর্গফুটের বেশি হবে না। মোট জায়গার ২০-৩০ শতাংশ যাত্রীদের চলাচল ও সৌন্দর্যায়নের জন্য রাখা হবে। আরও ৫-২০ শতাংশ জায়গায় থাকবে যাত্রীদের বিশ্রাম এবং পার্কিংয়ের ব্যবস্থা। ১০ বছরের চুক্তির ভিত্তিতে স্টলগুলি দেওয়া হবে। এগুলি ‘নন-ফেয়ার রেভিনিউ’-এর আওতায় পরিচালিত হবে।
শুধু শপিং হাব (Shoping Mall) নয়, স্টেশনকে আরও আধুনিক করে তুলতে নতুন টিকিট বুকিং কাউন্টারও তৈরি হবে। লিফট-সহ ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে। এতে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম যাত্রীরা সুবিধা হবে। স্টেশনের দুই প্রান্তে যানজট এড়িয়ে যাতায়াতের জন্য উন্নত সার্কুলেটিং এরিয়াও তৈরি করা হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগে যাদবপুর (Jadavpur) স্টেশন থেকে অবৈধ জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়েছিল। এর ফলে বহু হকারের রুজিরুটির প্রশ্ন ওঠে। রেলের নতুন উদ্যোগে তাঁদের পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে হকার উচ্ছেদের পর কেনাকাটায় সমস্যার অভিযোগ জানানো যাত্রীদের সমস্যাও মিটবে। জবরদখলমুক্ত স্টেশনে (Jadavpur) যাত্রী চলাচল যেমন স্বচ্ছন্দ হবে, তেমনই সৌন্দর্যায়নের কাজও গতি পাবে। পাশাপাশি ছোট ব্যবসায়ীদের জন্যও তৈরি হবে নতুন আয়ের সুযোগ।




