• facebook
  • twitter
  • youtube
Wednesday, 5 August, 2026

গ্রুপ-ডি দুর্নীতি মামলায় বড় মোড়! পার্থ-সহ ২৪ অভিযুক্তের জামিন

রাজ্যের বহুচর্চিত গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় বড় আইনি মোড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন এসএসসি চেয়ারম্যান

গ্রুপ-ডি দুর্নীতি মামলায় বড় মোড়! পার্থ-সহ ২৪ অভিযুক্তের জামিন

Calcutta High Court Photo-SNS

রাজ্যের বহুচর্চিত গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় বড় আইনি মোড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন এসএসসি চেয়ারম্যান এস. পি. সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ চার্জশিটে নাম থাকা ২৪ জন অভিযুক্তকেই বুধবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত জামিন দেয়। যদিও আদালতে সশরীরে হাজির হননি পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবীর মাধ্যমে জামিন মঞ্জুর হয়। বাকি অভিযুক্তরা আদালতে উপস্থিত হয়ে জামিন নেন।

সম্প্রতি এই মামলায় ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার জামিনের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী অভিযুক্তদের জামিনের তীব্র বিরোধিতা করেন। তবে উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত প্রত্যেক অভিযুক্তকেই জামিন দেওয়ার নির্দেশ দেয়।

আদালত সূত্রে খবর, মামলায় চার্জগঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। ফলে তদন্তপর্ব কার্যত শেষ করে এবার মূল বিচারপর্ব শুরু হওয়ার পথ প্রশস্ত হল। খুব শীঘ্রই সাক্ষ্যগ্রহণ-সহ বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলা রাজ্যের শিক্ষা-সংক্রান্ত অন্যতম আলোচিত মামলাগুলির একটি। নিয়োগে অনিয়ম, প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়া এবং আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই তদন্ত চালিয়ে আসছে সিবিআই। সেই মামলায় চার্জশিটভুক্ত সকল অভিযুক্ত একযোগে জামিন পেলেও, বিচারপ্রক্রিয়ায় অভিযোগের সত্যতা প্রমাণের দায়িত্ব এখন তদন্তকারী সংস্থার উপরই থাকছে।

আইনজীবীদের একাংশের মতে, জামিন পাওয়া মানেই অভিযোগ থেকে অব্যাহতি নয়। আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই নির্ধারিত হবে অভিযুক্তদের দায় এবং মামলার চূড়ান্ত পরিণতি।