মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় হৃদয়বিদারক ঘটনা। বড়নগর এলাকার ঝালারিয়া গ্রামে গভীর বোরওয়েলে পড়ে গিয়েছে তিন বছরের এক শিশু। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এখনও পর্যন্ত জোরকদমে উদ্ধার অভিযান চলছে।
জানা গিয়েছে, শিশুটি বর্তমানে প্রায় ৭০ থেকে ৭৫ ফুট গভীরে আটকে রয়েছে। তাকে উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালাচ্ছে প্রশাসন। পাঁচটি পোকলেন মেশিন দিয়ে বোরওয়েলের সমান্তরালে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৪০ ফুট পর্যন্ত খননকার্য সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, রাজস্থানের পালি জেলার বাসিন্দা প্রবীণ দেবাসীর পরিবার গত কয়েকদিন ধরে ওই এলাকায় ভেড়া চরাতে এসেছিল। সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় খেলতে খেলতেই অসাবধানতাবশত বোরওয়েলের মুখে পা পড়ে যায় শিশুটি। পরিবারের দাবি, বোরওয়েলের মুখে থাকা পাথরটি বালতি ভেবে তাতে পা রাখতেই সে সোজা নীচে পড়ে যায়। ঘটনার পরপরই এলাকায় পৌঁছায় জেলা প্রশাসন ও পুলিশ। পাশাপাশি এনডিআরএফ এবং এসডিআরএফ-এর বিশেষ দল উদ্ধারকাজে নেমেছে। ভোপাল, হারদা, ইন্দোর ও উজ্জয়িনী থেকে আসা বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।
বোরওয়েলের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে প্রতি মুহূর্তে শিশুটির অবস্থার উপর নজর রাখা হচ্ছে। তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, যাতে সে শ্বাস নিতে পারে। ঘটনাস্থলে দুটি অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে। জেলা পুলিশ সুপার প্রদীপ শর্মা জানিয়েছেন, বোরওয়েলটির গভীরতা প্রায় ২০০ ফুট। তবে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাটির নীচের শক্ত পাথরের স্তর। ড্রিলিং করতে গিয়ে বারবার সমস্যা হচ্ছে। এর সঙ্গে বোরওয়েলের ভিতরে জল ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।
উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, শিশুটিকে বাঁচাতে তিনটি আলাদা উপায়ে চেষ্টা করা হচ্ছে। প্রথমে উপর থেকে টেনে তোলার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বরং তার জামা থেকে হুক ফসকে আরও গভীরে চলে যায়। ফলে এখন সমান্তরাল সুড়ঙ্গ খুঁড়েই তাকে বের করে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রায় ২০০ জনের একটি বিশাল দল অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে শিশুটিকে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা যায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এই লড়াই। গোটা দেশ নজর রেখেছে খুদে শিশুটিকে সুস্থভাবে উদ্ধার করার দিকে।




