• facebook
  • twitter
  • youtube
Monday, 9 November, 2026

উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়িতে ঝলসে মৃত শিশু-সহ ৬

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাড়িটিতে সিএনজি কিট লাগানো ছিল। তবে আগুন লাগার ঘটনায় ওই জ্বালানি ব্যবস্থার কোনও ভূমিকা ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।

উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়িতে ঝলসে মৃত শিশু-সহ ৬

Photo: Statesman

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল শিশু-সহ ৬ জনের। পানিপথ-খাটিমা জাতীয় সড়কে জগাহেরি এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সোমবার পুলিশ জানিয়েছে, দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা লাইট পোস্টে সজোরে ধাক্কা মারে। এরপরেই গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরে থাকা ৬ জন যাত্রীরই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতেরা হরিয়ানার জিন্দ জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে ১০-১২ বছর বয়সি এক শিশুও ছিল। গাড়িটি হরিয়ানা থেকে হরিদ্বারের দিকে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। গাড়ির ভিতর থেকে ৬ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিশ। কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক রিপোর্টে সংবাদসংস্থা আইএএনএস জানিয়েছে, গাড়িটি রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে।

অন্যদিকে, স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, প্রথমে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায় এবং তারপরেই আগুন ধরে যায়। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাড়িটিতে সিএনজি কিট লাগানো ছিল। তবে আগুন লাগার ঘটনায় ওই জ্বালানি ব্যবস্থার কোনও ভূমিকা ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন: দীপাবলির পরেই দিল্লির বাতাসে বিষ, একিউআই ৪০০ পার, দূষণ নিয়ে বিজেপি-আপ সংঘাত

তিতাউই থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়বীর সিং স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গাড়িতে থাকা ৬ জন যাত্রীই জিন্দের বাসিন্দা ছিলেন। তাঁরা হরিদ্বারের উদ্দেশে যাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ এবং কীভাবে গাড়িতে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।