• facebook
  • twitter
  • youtube
Tuesday, 25 August, 2026

২০ বিদ্রোহী সাংসদকে নোটিশ শীর্ষ আদালতের, খারিজ হবে সাংসদ পদ?

তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে জেতা ২০ জন সাংসদ দলের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপরে তাঁরা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে যোগদান করেন।

২০ বিদ্রোহী সাংসদকে নোটিশ শীর্ষ আদালতের, খারিজ হবে সাংসদ পদ?

20 TMC MP's Photo-SNS

তৃণমূলত্যাগী লোকসভার স্পিকার ২০ জন সাংসদকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। ২০ জন এনসিপিআই (NCPI) সাংসদের সাংসদ পদ খারিজের দাবি তুলে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রিট পিটিশনের জবাবে ২০ জন সাংসদকে নোটিশ দিয়ে তাঁদের বক্তব্য জানতে চাইল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। মঙ্গলবার শীর্ষ আদালত এই নোটিশ পাঠায়। দুসপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি।

এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলীর বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। সুপ্রিম কোর্ট লোকসভা স্পিকার বা লোকসভার সেক্রেটারি জেনারেলকে আলাদা করে নোটিশ দেয়নি। তবে সাংসদদের নোটিশ পাঠানোর পাশাপাশি লোকসভা স্পিকার ও সেক্রেটারি জেনারেলের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, তিনি স্পিকারের পক্ষে সওয়াল করছেন। বিদ্রোহী সাংসদদের নোটিশ দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘এটি শুধুমাত্র নোটিশ পাঠানোর প্রশ্ন নয়। তার বদলে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা।’ সলিসিটর জেনারেল জানান, স্পিকার খারিজের আবেদনগুলির উপরে নোটিশ জারি করেছেন। তাঁর কাছে সেই নির্দেশ রয়েছে। এরপর আদালত ২০ জন সাংসদের বিরুদ্ধে নোটিশ জারি করার নির্দেশ দেয়।

মঙ্গলবার এই মামলায় আবেদনকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে ভাঙনের চিত্র ফুটে ওঠে। তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে জেতা ২০ জন সাংসদ দলের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপরে তাঁরা ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে যোগদান করেন।

বিদ্রোহী সাংসদদের দাবি, তাঁরা এনসিপিআই-এর সঙ্গে যুক্ত হয়েছেন। সেই অনুযায়ী সাংসদে তাঁদের আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারের কাছে দায়ের করা আবেদনের দ্রুত নিষ্পত্তি চেয়ে শীর্ষ আদালতের দারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। তাদের যুক্তি, দলের প্রতীকে ভোটে জিতে সাংসদ হওয়ার পরে অন্য রাজনৈতিক শিবিরের সঙ্গে হাত মেলানোর চেষ্টা দলত্যাগ বিরোধী আইন-এর আওতায় পড়ে। ফলে তাঁদের সাংসদ পদ খারিজ হওয়া উচিত।

আরও পড়ুন: ৩৮ লক্ষ ১০ হাজার আপিল, নিষ্পত্তি মাত্র ৮৩ হাজার! এসআইআর-এ ভোটাধিকার নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক তথ্য

অভিষেকের আবেদনে বলা হয়েছে, তিনি এই বিষয়ে একাধিকবার স্পিকার ওম বিড়লার সঙ্গে যোগাযোগ করেছেন। ২৭ জুলাই লিখিত রিমান্ডার পাঠানোর পরে ১২ আগস্ট স্পিকারের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে দেখা করেন। কিন্তু তারপরেও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন জানান। মঙ্গলবার সেই মামলাতেই ২০ জন বিদ্রোহী সাংসদকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।