• facebook
  • twitter
Saturday, 21 March, 2026

৬ বছর পর জামিনে মুক্ত শার্জিল ইমাম

২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলার অন্যতম অভিযুক্ত শার্জিলকে দিল্লির একটি নিম্ন আদালত ১০ দিনের জন্য জামিন মঞ্জুর করেছে

প্রায় ছয় বছর কারাবাসের পর অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেলেন শার্জিল ইমাম। ২০২০ সালের দিল্লি দাঙ্গা মামলার অন্যতম অভিযুক্ত শার্জিলকে দিল্লির একটি নিম্ন আদালত ১০ দিনের জন্য জামিন মঞ্জুর করেছে। ভাইয়ের বিয়েতে অংশগ্রহণ এবং অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার আবেদনেই এই স্বস্তি মিলেছে তাঁর।

গত ৯ মার্চ করকরডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী ২০ থেকে ৩০ মার্চ পর্যন্ত এই অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেন। আদালত ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের দু’জন জামিনদার জমা দেওয়ার শর্তে এই জামিন মঞ্জুর করে। যদিও শার্জিল ছয় সপ্তাহের জামিন চেয়েছিলেন, আদালত তা মঞ্জুর করেনি।

Advertisement

আবেদনে জানানো হয়েছে, তাঁর ছোট ভাই মুজ্জাম্মিল ইমামের বিয়ে ২৫ মার্চ। বড় ভাই হিসেবে মেহেন্দি, হলদি, নিকাহ এবং রিসেপশন-সহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকা ও দায়িত্ব পালন করা তাঁর প্রয়োজন। পাশাপাশি, অসুস্থ মায়ের দেখভালের বিষয়টিও তুলে ধরা হয়, যাঁর দেখাশোনা সাধারণত ছোট ভাইই করেন।

Advertisement

তবে জামিনের বিরোধিতা করে সরকারপক্ষ জানায়, শার্জিলের উপস্থিতি অপরিহার্য নয় এবং তিনি মুক্তি পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এ-ও উল্লেখ করা হয় যে, এর আগে তাঁর নিয়মিত জামিনের আবেদন নিম্ন আদালত, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট—সব জায়গাতেই খারিজ হয়েছে।

সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত সীমিত সময়ের জন্য জামিন মঞ্জুর করে এবং একাধিক কঠোর শর্ত আরোপ করে। এই সময়কালে শার্জিল কোনও সাক্ষী বা মামলার সঙ্গে যুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তাঁকে নিজের মোবাইল নম্বর তদন্তকারী অফিসারকে জানিয়ে সক্রিয় রাখতে হবে। গণমাধ্যমে কথা বলা বা সামাজিক মাধ্যমে সক্রিয় থাকাও নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, তাঁকে শুধুমাত্র নিজের বাড়ি বা বিয়ের অনুষ্ঠানস্থলেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গেই দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। এই জামিনের ফলে দীর্ঘ ছয় বছর পর কারাগারের বাইরে এসে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেলেন শার্জিল।

Advertisement