• facebook
  • twitter
  • youtube
Saturday, 11 July, 2026

লালকেল্লা-দিল্লি সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি, রাজধানীজুড়ে জোর তল্লাশি

তদন্তে নেমে বিশাল পুলিশ বাহিনী লালকেল্লা ঘিরে ফেলে। স্নিফার ডগও নিয়ে আসা হয়। অন্যদিকে, দিল্লির সচিবালয়ে দিল্লি পুলিশের একটি দল পৌঁছয়। দমকলবাহিনীও দ্রুত সেখানে পৌঁছয়।

লালকেল্লা-দিল্লি সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি, রাজধানীজুড়ে জোর তল্লাশি

Photo: File photo (প্রতীকী ছবি)

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় নয়াদিল্লিতে ছড়াল চাঞ্চল্য। তবে শুধু লালকেল্লা নয়, দিল্লির সচিবালয় এবং দুটি স্কুলে বোমা রয়েছে বলে পুলিশের কাছে ফোন আসে। শনিবার ভোরে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন কলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দিল্লি পুলিশের কাছে দ্রুত সতর্কবর্তা পৌঁছতেই পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। তবে ওই ফোন কল ভুয়ো বলে দাবি করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রের খবর, মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করেন। তিনি জানান, লালকেল্লা ও দিল্লির সচিবালয়ে বোমা রাখা রয়েছে। সেই ফোন পাওয়ার পরেই দিল্লি পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তে নামে। তদন্তে নেমে বিশাল পুলিশ বাহিনী লালকেল্লা ঘিরে ফেলে। স্নিফার ডগও নিয়ে আসা হয়। অন্যদিকে, দিল্লির সচিবালয়ে দিল্লি পুলিশের একটি দল পৌঁছয়। দমকলবাহিনীও দ্রুত সেখানে পৌঁছয়। দু’জায়গাতেই দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। কিন্তু কোনও জায়গাতেই পুলিশ বোমা বা সন্দেহজনক কোনও বস্তুর হদিস পায়নি।

তবে এই ফোন কলের পাশাপাশি এদিন দিল্লির দুটি স্কুলে ইমেলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। খবর পেয়েই বম্ব স্কোয়াড ও পুলিশ দ্রুত সেখানে পৌঁছে তল্লাশি শুরু করে। তবে সেখান থেকেও পুলিশ কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কোনও বস্তু পায়নি। সব জায়গায় তল্লাশি চালানোর পরে গোটা ঘটনাটাই পুলিশ ভুয়ো বলে দাবি করেছে।

উল্লেখ্য, দিল্লিতে এই ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিকবার রাজধানীতে এরকম হুমকির ঘটনা ঘটেছে। ঠিক এক মাস আগেই দিল্লি পুরসভার মেয়রকে একটি ই-মেলে দিল্লি ও সংলগ্ন এলাকায় বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। সেই সময়েও বম্ব স্কোয়াড, দিল্লি পুলিশ ও দমকলবাহিনী সব জায়গায় তল্লাশি চালিয়েছিল। কিন্তু সেই সময়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। বারবার রাজধানীতে এরকম ভুয়ো হুমকির ঘটনায় প্রশাসনিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

গত বছরও দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় নিহত ১১ জনের ফরেন্সিক রিপোর্ট আদালতে জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, চলতি সপ্তাহে এনআইএ আদালতের বিচারক পীতাম্বর দত্তের এজলাসে ওই রিপোর্ট পেশ করা হয়েছে। এর পাশাপাশি মামলায় ধৃত ৯ অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী ১৩ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।