• facebook
  • twitter
  • youtube
Friday, 2 October, 2026

দেরাদুন চিড়িয়াখানায় বিরল নীলচোখা সাদা বাঘ তেজস

গোয়ালিয়র থেকে সড়কপথে প্রায় ৫৫৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেরাদুনে পৌঁছয় তেজস। দেরাদুন চিড়িয়াখানার রেঞ্জার তথা ইনচার্ড দীক্ষা ভাট জানিয়েছেন, বিশেষ ভাবে তৈরি একটি রেসকিউ গাড়িতে বাঘটিকে আনা হয়

দেরাদুন চিড়িয়াখানায় বিরল নীলচোখা সাদা বাঘ তেজস

Image: ANI

দেরাদুন চিড়িয়াখানায় আনা হয়েছে সাদা বাঘ তেজস (Blue-eyed white tiger Tejas)। গোয়ালিয়র জুলজিক্যাল পার্ক থেকে টাইগার এক্সচেঞ্জ কর্মসূচির আওতায় দেরাদুনে আনা হয়েছে এই সাদা বাঘ (Blue-eyed white tiger Tejas)। সাদা রং তাতে কালো ডোরা কাটা দাগ এবং উজ্জ্বল নীল চোখের এই বাঘ উত্তরাখণ্ডের প্রথম সাদা বাঘ বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তেজসের আসায় চিড়িয়াখানায় বন্যপ্রাণ বৈচিত্র্য বাড়ার পাশাপাশি পর্যটকদের আকর্ষণও বৃদ্ধি পাবে বলে আশা কর্তৃপক্ষের। তবে  নতুন পরিবেশ মানিয়ে নেওয়া এবং স্বাস্থ্য পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাকে দর্শকদের সামনে আনা হবে না। গোয়ালিয়র থেকে যেমন তেজসকে আনা হয়েছে তেমনি দেরাদুন চিড়িয়াখানার প্রায় পাঁচ বছরের রয়্যাল বেঙ্গল বাঘ ভোলাকে গোয়ালিয়রে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বক্সায় বাঘ পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গোয়ালিয়র থেকে সড়কপথে প্রায় ৫৫৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেরাদুনে পৌঁছয় তেজস। দেরাদুন চিড়িয়াখানার রেঞ্জার তথা ইনচার্ড দীক্ষা ভাট জানিয়েছেন, বিশেষ ভাবে তৈরি একটি রেসকিউ গাড়িতে বাঘটিকে আনা হয়। প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টার সময় লাগে দেরাদুনে আসতে। তেজসের সঙ্গে ছিলেন বিশেষজ্ঞদের একটি দল। ১৩ সদস্যের ওই দলে পশুচিকিৎসক এবং বনদপ্তর আধিকারিকেরাও ছিলেন।

চিড়িয়াখানা সূত্রে খবর, প্রায় ২০ দিন কোয়ারেন্টাইনে থাকবে তেজস। এই সময়ে তার কাছে যেতে পারবেন শুধুমাত্র এনক্লোজারের দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং পশুচিকিৎসক। বাঘটির স্বাস্থ্য, খাবার, আচরণ এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতার উপর নজর রাখা হবে।

আরও পড়ুন: মিজোরামে পথ দুর্ঘটনায় পিআইবি ও দূরদর্শনের তিন আধিকারিকের মৃত্যু, আহত ২

সাদা বাঘ আলাদা কোনও প্রজাতি বা পৃথক জাত নয়। একটি বিরল জিনগত বৈশিষ্ট্যের কারণে বাঘের গায়ের রং সাদা হয়। অ্যালবিনো প্রাণীর ক্ষেত্রে যেমন সম্পূর্ণ রঞ্জকহীনতা দেখা যায়, সাদা বাঘের ক্ষেত্রে তা নয়। তাদের শরীরে সাধারণত কালো ডোরার বৈশিষ্ট্য বজায় থাকে। অর্থাৎ এটি বেঙ্গল টাইগারেরই একটি বিরল প্রাকৃতিক বর্ণগত বৈচিত্র্য। এই বিরল বৈশিষ্ট্যের জন্যই বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানায় সাদা বাঘ দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

আগে মালসি ডিয়ার পার্ক নামে পরিচিত দেরাদুন চিড়িয়াখানাটি মুসৌরি রোডে শিবালিক পর্বতমালার পাদদেশে অবস্থিত। বন্যপ্রাণ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশ শিক্ষা এবং উদ্ধারকাজের সঙ্গে যুক্ত এই চিড়িয়াখানা।

দেখুন: