• facebook
  • twitter
  • youtube
Tuesday, 17 November, 2026

বিজেপি নয়, আঞ্চলিক দলগুলোকে প্রধান শত্রু মনে করে কংগ্রেস, সিজেপি-র আন্দোলনও দুর্বল করেছে: রাহুলকে তোপ প্রাক্তন জোটসঙ্গীর

আঞ্চলিক দল ও গণ-আন্দোলনকেই প্রধান শত্রু মনে করে কংগ্রেস! রাহুল গান্ধীকে চিঠি লিখে সিজেপি-র আন্দোলন দুর্বল করার অভিযোগ তুললেন অসমের বিধায়ক অখিল গগৈ।

বিজেপি নয়, আঞ্চলিক দলগুলোকে প্রধান শত্রু মনে করে কংগ্রেস, সিজেপি-র আন্দোলনও দুর্বল করেছে: রাহুলকে তোপ প্রাক্তন জোটসঙ্গীর

LOP Rahul Gandhi With Students (ANI)

বিজেপিকে নয়, বরং আঞ্চলিক দল এবং প্রকৃত গণ-আন্দোলনকেই নিজেদের ‘প্রধান শত্রু’ বলে মনে করে কংগ্রেস। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একটি চিঠি লিখে ঠিক এই ভাষাতেই কংগ্রেস নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন অসমের ‘রাইজর দল’-এর প্রধান তথা বিধায়ক অখিল গগৈ। তাঁর অভিযোগ, ককরোচ জনতা পার্টি-র নেতৃত্বে গড়ে ওঠা স্বতঃস্ফূর্ত গণ-আন্দোলনের সঙ্গে অহেতুক প্রতিযোগিতায় নেমে এবং আলাদা পথ চলে পক্ষান্তরে আন্দোলনকে দুর্বল করে দিয়েছে কংগ্রেস।

গণ-আন্দোলনকে দুর্বল করার অভিযোগ

মঙ্গলবার রাহুল গান্ধীকে পাঠানো চিঠিতে শিবসাগরের দু’বারের বিধায়ক অখিল দাবি করেছেন, বর্তমান শাসক শিবিরের স্বৈরাচারী শাসনকে নাড়িয়ে দেওয়ার মতো সবচেয়ে শক্তিশালী ও কার্যকর গণ-আন্দোলন ছিল সিজেপি-র প্রতিবাদ কর্মসূচি। তাঁর কথায়, বিগত ১২ বছরে প্রথাগত বিরোধী রাজনীতি যা করতে পারেনি, মাত্র পাঁচ মাসের মধ্যে সিজেপি-র আন্দোলন দেশের যুবসমাজকে সে ভাবেই জাগিয়ে তুলেছিল। কিন্তু প্রতিবাদের রাস্তা আলাদা করে এবং একটি প্রকৃত গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতিযোগিতায় নেমে আপনার দল সিজেপি-র আন্দোলনকে দুর্বল করে দিয়েছে। এর ফলে শাসক শিবির আন্দোলনটি দমন করার সুযোগ পেয়েছে এবং দেশ একটি নির্ণায়ক লড়াইয়ের সেরা সুযোগ হারিয়েছে।

আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাহুলকে সতর্ক করে অখিল লিখেছেন, স্বাধীন গণ-আন্দোলন ছাড়া ‘সাম্প্রদায়িক-ফ্যাসিবাদী’ সরকারকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়। বিরোধীদের নিঃশর্ত সমর্থনে একটি স্বাধীন গণ-আন্দোলন গড়ে উঠলেই কেবল ২০২৯-এ প্রকৃত রাজনৈতিক পরিবর্তন সম্ভব। চিঠিতে তাঁর আর্জি, সিজেপি বা তার কোনও নির্দিষ্ট নেতার প্রতি যদি আপনাদের দলের কোনও আপত্তি থাকে, তবে অন্তত গোটা বিরোধী শিবিরের সমর্থনে একটি শক্তিশালী গণ-আন্দোলন গড়ে তোলার ব্যবস্থা করুন।

‘দাদাগিরি’ বন্ধের বার্তা

এর আগে গত ২৯ অক্টোবরও রাহুল গান্ধীকে একটি চিঠি দিয়েছিলেন অখিল গগৈ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের সমাবেশের দিনেই ওই চিঠিটি লেখা হয়েছিল। সেখানে অখিল জানিয়েছিলেন, যুবসমাজের নেতৃত্বে সিজেপি-র অরাজনৈতিক ও স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলের নিঃশর্ত সমর্থন এবং রসদ জুগিয়ে সাহায্য করা উচিত ছিল। কিন্তু তার বদলে ‘সমান্তরাল আন্দোলন’ সংগঠিত করে কংগ্রেস মূল আন্দোলনের গতি কমিয়ে দিয়েছে।

ওই চিঠিতে কংগ্রেসের জোট-নীতি নিয়ে প্রশ্ন তুলে অখিল লিখেছিলেন, কংগ্রেস মুখে বিজেপিকে মতাদর্শগত প্রতিপক্ষ হিসেবে তুলে ধরলেও, বাস্তবে তারা ধারাবাহিক ভাবে আঞ্চলিক জোটসঙ্গী এবং স্বাধীন তৃণমূল স্তরের আন্দোলনগুলিকে নিষ্ক্রিয় করার কাজ করে চলেছে। রাহুলকে উদ্দেশ্য করে তাঁর কড়া বার্তা, বৃহত্তর বিরোধী জোটের মধ্যে নাগরিকেরা কংগ্রেসকে কেবল এক জন সমান অংশীদার হিসেবেই মেনে নেবেন, কোনও আধিপত্যবাদী শক্তি হিসেবে নয়। অতীতের ভুল এড়াতে আগামী লোকসভা নির্বাচনের অন্তত এক বছর আগেই জোটসঙ্গীদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলা উচিত।

জোট ভাঙার প্রেক্ষাপট

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে আসাম বিধানসভা নির্বাচনের আগে আসন সমঝোতা করে লড়েছিল কংগ্রেস এবং রাইজর দল। ১২৬ আসনের আসাম বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ১০২টি আসনে জয়ী হয়ে ক্ষমতা ধরে রাখে। কংগ্রেস পায় ১৯টি আসন এবং ১৩টি আসনে লড়ে শিবসাগর ও ধিং, এই দু’টি আসনে জয়ী হয় অখিলের দল। কিন্তু নির্বাচনের কয়েক মাস পরেই গত সেপ্টেম্বর মাসে ‘জোটধর্ম লঙ্ঘনের’ অভিযোগ তুলে রাইজর দলের সঙ্গে সমস্ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে আসাম প্রদেশ কংগ্রেস। সেই তিক্ততার আবহেই এবার সরাসরি রাহুল গান্ধীকে চিঠি লিখে কংগ্রেসের জাতীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অখিল গগৈ।