প্রায় সাড়ে তিন বছর ধরে কুকি-মেইতেই সংঘর্ষে অশান্ত মণিপুর। এখনও ঘরে ফিরতে পারেননি হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে চলতি মাসের শেষেই ফের মণিপুর সফরে যেতে পারেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আগামী ২৬ নভেম্বর ১ দিনের সফরে ইম্ফলে পৌঁছনোর কথা তাঁর। সেখানে সংঘর্ষে ঘরছাড়া মানুষ এবং স্বজনহারা পরিবারগুলির সঙ্গে দেখা করতে পারেন তিনি।
সূত্রের খবর, ইম্ফল থেকে চূড়াচাঁদপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে রাহুলের (Rahul Gandhi)। সেখানে ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি, স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও বৈঠক করতে পারেন। আগামী বছরের গোড়ায় রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে দলের সাংগঠনিক পরিস্থিতি এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: দীপাবলির বাজিতে দগ্ধ ১৭৭, আহত শিশুদের নিয়েও উদ্বেগ চিকিৎসকদের
২০২৩-এর ৩ মে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ শুরু হয়। তারপর থেকে দফায় দফায় হিংসার ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬-এর ৩১ আগস্ট পর্যন্ত সংঘর্ষে অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ৪৯ জন। ঘরছাড়া হয়েছেন ৫৮ হাজারেরও বেশি মানুষ। ধ্বংস হয়েছে প্রায় ৭,৯০০টি বাড়ি। এখনও বহু পরিবারকে ত্রাণশিবিরে দিন কাটাতে হচ্ছে।
হিংসা শুরুর পর ২০২৩-এর জুন মাসে প্রথম মণিপুরে গিয়েছিলেন রাহুল (Rahul Gandhi)। ২০২৪-এর জুলাইয়ে লোকসভার বিরোধী দলনেতা হওয়ার পর ফের রাজ্য সফর করেন তিনি (Rahul Gandhi)। সে বার জিরিবাম, চূড়াচাঁদপুর ও মইরাংয়ের ত্রাণশিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেছিলেন। ২৬ নভেম্বরের সম্ভাব্য সফরটি হবে মণিপুরে তাঁর তৃতীয় সফর।
আরও পড়ুন: দেওয়ালিতে মধ্যপ্রদেশে আগুন, দুই পরিবারে আগুন পুড়ে মৃত্যু ১২, বাজির ঘটনায় মৃ্ত্যু আরও ৩৫
এদিকে, কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমল আকোইজমকে ঘিরে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর চলছে। মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিংও তাঁর পদত্যাগের দাবি তুলেছেন। এই পরিস্থিতিতে রাহুলের মণিপুর সফর রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দেখুন:




