আরজেডি নেত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে বরাদ্দ সরকারি বাসভবন খালি করার নোটিস জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পটনার ১০ সার্কুলার রোডের সরকারি আবাসনটি এবার বিহার সরকারের পশুপালন, মৎস্য ও দুগ্ধ সম্পদ দফতরের মন্ত্রী নন্দ কিশোর রামের নামে বরাদ্দ করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই ওই সরকারি বাসভবনে থাকছিলেন রাবড়ি দেবী। বিহারের রাজনীতিতে এই ঠিকানার আলাদা গুরুত্ব রয়েছে। আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর রাজনৈতিক জীবনের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী থেকেছে ১০ সার্কুলার রোড। ফলে নতুন করে এই আবাসন বরাদ্দ ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে।
Advertisement
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি নিয়ম মেনেই নতুন মন্ত্রীর জন্য বাসভবন বরাদ্দ করা হয়েছে। সেই কারণেই রাবড়ি দেবীকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আরজেডির তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
Advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিহারে ক্ষমতার পালাবদলের পর থেকেই সরকারি আবাসন বণ্টন নিয়ে নয়া সমীকরণ তৈরি হয়েছে। সেই আবহেই এই সিদ্ধান্তকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সম্ভাবনাও তৈরি হয়েছে।
অন্য দিকে, নন্দ কিশোর রাম বর্তমানে বিহার সরকারের পশুপালন, মৎস্য ও দুগ্ধ সম্পদ দফতরের দায়িত্বে রয়েছেন। মন্ত্রী হওয়ার পর তাঁকে এই গুরুত্বপূর্ণ সরকারি আবাসন বরাদ্দ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
Advertisement



