• facebook
  • twitter
Sunday, 15 March, 2026

দাম বাড়ল বার্ষিক ফাস্ট্যাগ পাসের, নতুন ফি কার্যকর হবে ১ এপ্রিল

বিজ্ঞপ্তি অনুসারে অ-বাণিজ্যিক গাড়ির মালিকদের ফাস্ট্যাগ বার্ষিক পাস নিতে এখন থেকে ৩০৭৫ টাকা দিতে হবে

দাম বাড়ল বার্ষিক ফাস্ট্যাগ পাসের। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অধীন জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে অ-বাণিজ্যিক গাড়ির মালিকদের ফাস্ট্যাগ বার্ষিক পাস নিতে এখন থেকে ৩০৭৫ টাকা দিতে হবে। এর আগে এই পাসের মূল্য ছিল ৩০০০ টাকা। অর্থাৎ, বার্ষিক পাসের দাম ৭৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের ১ এপ্রিল থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।

জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের সময় প্রতিটি গাড়িকেই নির্দিষ্ট টোল ট্যাক্স দিতে হয়। সেই প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুত করার জন্যই অ-বাণিজ্যিক গাড়ির জন্য ফাস্ট্যাগ বার্ষিক পাস চালু করেছিল এনএইচএআই। এই পাসটি প্রথম চালু হয় গত বছরের ১৫ আগস্ট। এর ফলে নিয়মিত জাতীয় সড়ক ব্যবহারকারীরা অনেক সময় অতিরিক্ত টোল খরচের হাত থেকেও কিছুটা রেহাই পান।

Advertisement

১২ মার্চ জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৬–২৭ অর্থবর্ষের জন্য এই বার্ষিক পাসের নতুন মূল্য হবে ৩০৭৫ টাকা। ফাস্ট্যাগ বার্ষিক পাস কিনতে হলে সংশ্লিষ্ট গাড়িতে একটি সক্রিয় ফাস্ট্যাগ থাকতে হবে এবং গাড়িটি অবশ্যই অ-বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতে হবে। পাসটি এক বছরের জন্য বৈধ থাকে এবং এর আওতায় সর্বোচ্চ ২০০ বার জাতীয় সড়ক পার হওয়া যায়। যদি এক বছরের আগেই ২০০ বার যাতায়াত সম্পূর্ণ হয়ে যায়, তবে আবার নির্ধারিত টাকা দিয়ে পাসটি পুনর্নবীকরণ করতে হবে।

Advertisement

এই বার্ষিক পাস জাতীয় সড়ক কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকেই অনলাইনে কেনা যায়। নিয়ম অনুযায়ী প্রতি বছর এই পাসের মূল্য পরিবর্তন করা হতে পারে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে ৫০ লক্ষেরও বেশি গ্রাহক টোল দেওয়ার জন্য ফাস্ট্যাগ বার্ষিক পাস ব্যবহার করছেন। জাতীয় সড়কে চলাচলকারী মোট গাড়ির প্রায় ২৮ শতাংশ মালিক এই সুবিধা গ্রহণ করেছেন। ভবিষ্যতে এই সংখ্যাটি আরও বাড়বে বলেই আশা করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, টোল লেনদেনকে সম্পূর্ণ বৈদ্যুতিন পদ্ধতিতে আনার লক্ষ্যেই ২০১৬ সালে ফাস্ট্যাগ ব্যবস্থা চালু করা হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে মোট ১১.৮৬ কোটি ফাস্ট্যাগ নথিভুক্ত হয়েছে, যার মধ্যে বর্তমানে প্রায় ৫.৯ কোটি সক্রিয় রয়েছে। তবে ফাস্ট্যাগ বার্ষিক পাস সব টোল প্লাজায় কার্যকর নয়। জাতীয় সড়ক ও জাতীয় এক্সপ্রেসওয়ের প্রায় ১১৫০টি টোল প্লাজায় এই পাস প্রযোজ্য। অন্য রাস্তার টোল প্লাজাগুলিতে সাধারণ ফাস্ট্যাগ নিয়মেই টাকা কাটা হয়।

 

Advertisement