• facebook
  • twitter
  • youtube
Friday, 17 July, 2026

‘ভারত শুধু ট্রেন চালাচ্ছে না, ভবিষ্যতের পথও দেখাচ্ছে’, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনায় প্রধানমন্ত্রী মোদী

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'যুদ্ধ পরিস্থিতিতে তেলের সঙ্কট হলেও আমাদের কোনও উন্নয়ন প্রকল্পের কাজ ব্যাহত হয়নি। ২০১৪-র আগে হরমুজ সঙ্কট হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেত'

‘ভারত শুধু ট্রেন চালাচ্ছে না, ভবিষ্যতের পথও দেখাচ্ছে’,  দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনায় প্রধানমন্ত্রী মোদী

Image: FB/narendramodi

ভারতের রেলের ইতিহাসে যোগ হল নতুন এক অধ্যায়। শুক্রবার হরিয়ানার জিন্দ রেলস্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক ইরান-ইজরায়েল সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও ভারতের উন্নয়নের গতি থেমে যায়নি, এদিন সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা নেড়ে ট্রেনটির প্রথম যাত্রার সূচনা করেন তিনি। আপাতত এই ট্রেনটি জিন্দ থেকে সোনিপত রুটে চলাচল করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে তেলের সঙ্কট হলেও আমাদের কোনও উন্নয়ন প্রকল্পের কাজ ব্যাহত হয়নি। ২০১৪-র আগে হরমুজ সঙ্কট হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেত।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজকের ভারত শুধু নতুন ট্রেন চালাচ্ছে না, ভবিষ্যতের প্রযুক্তি নির্ভরতার দিকেও বিশ্বকে পথ দেখাচ্ছে। পরিবেশ রক্ষা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে ভারতীয় রেল নতুন যুগে প্রবেশ করেছে।’ তাঁর কথায়, দেশের উন্নয়নে আরও গতি আনতে এবং আগামী প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতেই কেন্দ্র সরকার সবুজ জ্বালানির উপর বিশেষ জোর দিচ্ছে।

মোদী আরও বলেন, গত এক দশকে ভারতীয় রেলের আমূল পরিবর্তন হয়েছে। বন্দে ভারত, অমৃত ভারত, নমো ভারত-সহ একের পর এক আধুনিক ট্রেন চালুর পাশাপাশি এবার হাইড্রোজেন ট্রেনের সূচনা সেই পরিবর্তনেরই আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর দাবি, ভারত এখন শুধু বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্কের দেশ নয়, রেল প্রযুক্তির ক্ষেত্রেও দ্রুত বিশ্বের প্রথম সারিতে জায়গা করে নিচ্ছে।

এই ট্রেন সম্পূর্ণ হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে চলবে। হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন বিদ্যুৎই ট্রেন চালাবে। ফলে ডিজেলের প্রয়োজন হবে না এবং কার্বন নিঃসরণও কার্যত শূন্যে নেমে আসবে। একমাত্র নিঃসরণ হবে জলীয় বাষ্প, যা পরিবেশের কোনও ক্ষতি করে না।

প্রধানমন্ত্রী জানান, আগামী দিনে আরও বিভিন্ন রুটে এই ধরনের পরিবেশবান্ধব ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, উন্নত ভারতের লক্ষ্য পূরণে প্রযুক্তি, সবুজ জ্বালানি এবং আধুনিক পরিকাঠামোর উপর সমান জোর দিচ্ছে কেন্দ্র। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও ভারতের উন্নয়নের চাকা যে থেমে থাকবে না, হাইড্রোজেন ট্রেনের উদ্বোধনের মঞ্চ থেকে সেই বার্তাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হাইড্রোজেন ট্রেনের উদ্বোধনের পাশাপাশি এদিন হরিয়ানায় প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে জাতীয় সড়ক ও রেল পরিকাঠামোর উন্নয়ন, অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় একাধিক রেলস্টেশনের আধুনিকীকরণ, কুরুক্ষেত্রে এলিভেটেড রেললাইন, জিন্দ রেলস্টেশনের পুনর্নির্মাণ, নতুন মেডিক্যাল কলেজ এবং কুরুক্ষেত্রে শিখ জাদুঘরের শিলান্যাস।

শুধু হরিয়ানাই নয়, এদিন হরিয়ানার পাশাপাশি চণ্ডীগড় ও পাঞ্জাবেও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। চণ্ডীগড়ে ৬ হাজার ৬০০ কোটিরও বেশি এবং পাঞ্জাবের জালন্ধরে ৫ হাজার ৪৭০ কোটিরও বেশি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রী। সব মিলিয়ে প্রায় ২৬ হাজার ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।