নিট পরীক্ষাকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। আগামী ২১ জুন, রবিবার নিট পুনঃপরীক্ষা। তার আগে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির গাফিলতি প্রকাশ্যে এল। এবার ভোগান্তির মুখে পড়লেন একজন নিট পরীক্ষার্থী। সেই খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠিক কী হয়েছে? মহারাষ্ট্রের নাগপুরের এক পড়ুয়ার নিট পরীক্ষার সেন্টার পড়েছে দেশের বাইরে। শুধু দেশের বাইরে নয়, তাঁর পরীক্ষার কেন্দ্র পড়েছে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে। ওই পরীক্ষার্থীর নাম আব্দুল্লাহ মহম্মদ তালিব। তিনি ওয়েবসাইট থেকে নিট পুনঃপরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরেই এনটিএ-র প্রযুক্তিগত ক্রুটি সামনে আসে।
আব্দুল্লাহের পরিবার সূত্রের খবর, ফর্ম ফিলাপের সময়ে পরীক্ষার্থী নিজের পছন্দের কেন্দ্র হিসেবে তিনটি শহরের নাম বেছেছিলেন। তার মধ্যে ছিল নাগপুর, ওয়ার্ধা ও ভাণ্ডারা। কিন্তু এদিকে অ্যাডমিট কার্ডে দেখা যায়, ভারতের কোনও পরীক্ষা কেন্দ্রের পরিবর্তে আবু ধাবির একটি স্কুলের নাম রয়েছে। সেই অ্যাডমিট কার্ডে আবু ধাবির একটি ইন্ডিয়ান স্কুলের নাম ছিল বলে জানা গিয়েছে।
অ্যাডমিট কার্ডের স্কিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা এনটিএ-র নজরে আসে। এরপরে এনটিএ-র তরফে জানানো হয়, তারা পরীক্ষার্থীর তোলা অভিযোগ খতিয়ে দেখছেন। সেই সঙ্গে এনটিএ-র তরফে জানানো হয়, সমস্ত তথ্য যাচাই করার পরে আগামী কয়েক ঘণ্টার মধ্যে নাগপুরেরই একটি পরীক্ষাকেন্দ্র ওই ছাত্রের জন্য বরাদ্দ করা হবে। এনটিএ এই বিষয়ে আরও জানিয়েছে, ওই ছাত্রের সঠিক পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি একটি নতুন অ্যাডমিট কার্ডও ইস্যু করা হবে।
প্রসঙ্গত, ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হয়ে যায়। এনটিএ বা জাতীয় পরীক্ষা সংস্থা ২১ জুন ফের নিট পরীক্ষার দিন ঘোষণা করেছে। এরই মধ্যে ফের নিট বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এল।




