বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় বাংলায় সরকার গঠন করেছে। বাংলায় তৃণমূল সরকারকে উৎখাত করে পদ্ম সরকার গড়ার সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বেঙ্গালুরুতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘১০ বছর আগে পশ্চিমবঙ্গে বিজেপির মাত্র তিন জন বিধায়ক ছিলেন। আজ সেই রাজ্যেই ২০০-র বেশি বিধায়ক নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে।‘
রবিবার বেঙ্গালুরুতে বেশ কয়েকটি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। বেঙ্গালুরুর এক সভামঞ্চ থেকে একের পর এক রাজ্যে বিজেপি এবং এনডিএ-র সাফল্যের প্রসঙ্গ তুলে ধরনে তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির অভাবনীয় সাফল্যের কথা শোনা যায় মোদীর কণ্ঠে।
প্রসঙ্গত, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে সরিয়ে ২০৭টি আসনে জয় লাভ করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। শনিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চ থেকে বাংলার মানুষের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের সমর্থনেই বিজেপি রাজ্যে পরিবর্তনের সুযোগ পেয়েছে।
পশ্চিমবঙ্গ নির্বাচনকে পাখির চোখ করেছিল লড়েছিল গেরুয়া শিবির। সেই মতো নির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল রাজ্য থেকে কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক সভা করে রাজ্যের মানুষের কাছে উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, দীর্ঘদিনের অপশাসন ও রাজনৈতিক হিংসার পরিবেশ থেকে বাংলাকে বের করে নতুন দিশা দেখাবে বিজেপি সরকার। নির্বাচনের ফলাফল সেই প্রচারের পক্ষে গিয়েছে বলেই মত গেরুয়া শিবিরের।
বেঙ্গালুরুর সভা থেকে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি এবং এনডিএ-র শক্তি বিস্তারের কথা তুলে ধরেন। তিনি বলেন, একসময় কর্ণাটকে বিজেপির শক্তি সীমিত ছিল, কিন্তু বর্তমানে দলটি সেখানে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। মোদী বলেন, ‘কর্ণাটকে বিজেপির খুব বেশি শক্তি ছিল না। বর্তমানে বিজেপি সেখানে শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে। তিনি আরও বলেন, ‘অন্ধ্রপ্রদেশেও এনডিএ সরকার। তেলেঙ্গানায় বিজেপি নম্বর টু। পুদুচেরিতে দ্বিতীয় বার বিজেপি, এনডিএ-র সরকার হয়েছে।’
কী ভাবে দেশের বিভিন্ন প্রান্তে পদ্মশিবির শক্তিশালী হচ্ছে, কী ভাবে দেশের একের পর এক রাজ্যে গেরুয়া ঝড় উঠছে, সেই প্রসঙ্গ টেনে সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির সাফল্যের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, যে রাজ্যে বিজেপির মাত্র তিন জন বিধায়ক ছিলেন, সেই রাজ্য ১০ বছর পর দুশোর বেশি বিধায়ক দিয়ে ক্ষমতায় এনেছে বিজেপিকে।
তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মোদী বলেন, ফল ঘোষণার পরও সেখানে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মোদী বলেন, ‘তামিলনাড়ুর অবস্থা দেখুন, ফল ঘোষণার পরেও সেখানে সরকার গঠন হচ্ছিল না।’ একই সঙ্গে কেরলে সরকার গঠন প্রসঙ্গে কংগ্রেসকেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।




