মণিপুরে ফের অশান্তির আবহ। কুকি জঙ্গিদের গুলির জবাবে বড়সড় যৌথ অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী। বিষ্ণুপুর জেলার ফুলজাং ও গথোল এলাকায় ভারতীয় সেনার একটি পোস্ট লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে জঙ্গিদের বিরুদ্ধে। এর পরেই পাল্টা জবাব দেয় সেনা ও কেন্দ্রীয় বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে প্রায় আধঘণ্টা ধরে গুলি চলার ঘটনা ঘটে। ভারতীয় সেনা ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর জওয়ানরা দ্রুত পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বৃহস্পতিবার ভোর থেকে গোটা এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান।
যৌথভাবে এই অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, মণিপুর পুলিশ ও রাজ্য সশস্ত্র বাহিনী। শুধু সংঘর্ষস্থলই নয়, আশপাশের পাহাড়ি এলাকাতেও জোরদার তল্লাশি চলছে। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
Advertisement
এদিকে, আলাদা একটি অভিযানে উখরুল জেলার লিতান ও মংকাট চেপু এলাকায় বেআইনি ভাবে তৈরি ৬টি বাঙ্কার ভেঙে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই বাঙ্কারগুলি ব্যবহার করা হচ্ছিল বলে সন্দেহ। এই পদক্ষেপের ফলে এলাকায় জঙ্গি কার্যকলাপ কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। পুলিশ সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছে। সোশ্যাল মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে।
Advertisement
অন্যদিকে, ইম্ফল পশ্চিম এলাকা থেকে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এর আগে আরও এক অভিযানে ১৪ জন জঙ্গিকেও গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর কড়া নজর রাখা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কপথে পণ্যবাহী গাড়ির নিরাপত্তাও নিশ্চিত করছে বাহিনী।
এই পরিস্থিতিতে প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অশান্তি ছড়ানোর যে কোনও চেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে।
Advertisement



