• facebook
  • twitter
Saturday, 7 March, 2026

ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৮.১%

রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা থাকলেও ভারতের অভ্যন্তরীণ চাহিদা এখনও মজবুত। কৃষি ও অকৃষি— দুই ক্ষেত্রেই ইতিবাচক ইঙ্গিত মিলছে।

প্রতীকী ছবি।

মীনাক্ষী ভট্টাচার্য

দিল্লি, ২৪ ফেব্রুয়ারি– চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি শক্তিশালী বৃদ্ধির পথে থাকতে পারে বলে জানাল এসবিআই। তাদের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, এই সময় দেশের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার প্রায় ৮.১ শতাংশ হতে পারে।

Advertisement

রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা থাকলেও ভারতের অভ্যন্তরীণ চাহিদা এখনও মজবুত। কৃষি ও অকৃষি— দুই ক্ষেত্রেই ইতিবাচক ইঙ্গিত মিলছে। গ্রামীণ বাজারে ভোগ্যপণ্যের চাহিদা বেড়েছে। পাশাপাশি উৎসবের মরসুমে রাজস্ব আদায় ও সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ায় শহরাঞ্চলেও খরচের পরিমাণ বেড়েছে। এই সব কারণ মিলিয়েই অর্থনীতির গতি বজায় রয়েছে বলে মনে করছে এসবিআই।

Advertisement

রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আগাম জিডিপি অনুমান ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। সেখানে অতিরিক্ত তথ্য যুক্ত হবে এবং আগের ত্রৈমাসিকগুলির হিসাবেও কিছু সংশোধন আসতে পারে। প্রথম আগাম অনুমান অনুযায়ী, পুরো ২০২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৪ শতাংশ হতে পারে। এই বৃদ্ধির প্রধান ভরসা দেশীয় চাহিদা।

এদিকে, ভারত জিডিপির ভিত্তিবর্ষ ২০১১-১২ থেকে বদলে ২০২২-২৩ করেছে। নতুন সিরিজের তথ্যও ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা। এই পরিবর্তনের উদ্দেশ্য হল বর্তমান অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরা, বিশেষ করে ডিজিটাল বাণিজ্য ও পরিষেবা খাতের বাড়তে থাকা ভূমিকা।

এছাড়া কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই)-এর ভিত্তিবর্ষও ২০২৪ সালে হালনাগাদ করা হয়েছে। এতে মূল্যবৃদ্ধির আরও নির্ভুল হিসাব পাওয়া যাবে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহত্রা জানিয়েছেন, সিপিআই বেস ইয়ার আপডেটের পর মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রায় কোনও পরিবর্তন দরকার কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এপ্রিলের মুদ্রানীতিতে এই নতুন কাঠামো বিবেচনা করা হবে বলেও তিনি জানান।

Advertisement