ইরান, আমেরিকা এবং ইজরায়েলের মধ্যে ১৪ দিনের অস্থায়ী সংঘর্ষবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ভারত। বুধবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যুদ্ধ নয়— কূটনীতি ও আলোচনার মাধ্যমেই স্থায়ী সমাধান সম্ভব বলে বরাবর বিশ্বাস করে দিল্লি।বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে এই যুদ্ধবিরতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গত কয়েক সপ্তাহের সংঘাতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক পরিস্থিতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই মুহূর্তে উত্তেজনা প্রশমন বা ‘ডি-এসকেলেশন’-এর উপরই জোর দিয়েছে ভারত।
Advertisement
তবে এই স্বাগতবার্তার পাশাপাশি ভারতের মূল উদ্বেগ স্পষ্ট হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে হয়ে থাকে। সাম্প্রতিক সংঘাতে এই পথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-চলাচলের স্বাধীনতা কোনওভাবেই বিঘ্নিত হওয়া চলবে না।
Advertisement
ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী, আগামী দু’সপ্তাহ আমেরিকা ইরানে সামরিক অভিযান চালাবে না। অন্যদিকে, ইরান শর্তসাপেক্ষে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছে বলে সূত্রের খবর।
এই যুদ্ধবিরতির আবহেই সম্ভাবনা তৈরি হয়েছে কূটনৈতিক আলোচনার। জানা গিয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে শীঘ্রই ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের বৈঠক হতে পারে। যদিও ট্রাম্প প্রশাসনের অবস্থান এখনও কিছুটা অনিশ্চিত। প্রথমে ইরানের প্রস্তাবকে গ্রহণযোগ্য বললেও পরে তা নিয়েই কড়া সমালোচনা করেছেন তিনি।
অন্যদিকে, বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, এই চুক্তি লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইজরায়েলের অভিযানকে প্রভাবিত করবে না। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেই লড়াই চালিয়ে যাবে বলেই স্পষ্ট করেছে। আন্তর্জাতিক মহলেও এই যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হয়েছে। চিন সহ একাধিক দেশ মধ্যস্থতাকারীদের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে।
এই কূটনৈতিক অগ্রগতির ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। যুদ্ধবিরতির খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। মার্কিন ক্রুড প্রায় ১৩ শতাংশ কমে ৯৬ ডলারে এবং ব্রেন্ট ক্রুড ৯৫ ডলারের নিচে নেমে এসেছে।
তবে স্বস্তির মাঝেও উদ্বেগ কাটেনি পুরোপুরি। সংযুক্ত আরব আমিরশাহির হাবশান গ্যাস কমপ্লেক্সে হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় আহত হয়েছেন এক ভারতীয়-সহ তিন জন। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক সূক্ষ্ম সন্ধিক্ষণে। এই অস্থায়ী শান্তির আবহ কি স্থায়ী সমাধানের পথে এগোবে, নাকি নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হবে— সেটাই এখন আন্তর্জাতিক মহলের নজরে।
Advertisement



