• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

আসামে ফের মুখ্যমন্ত্রী হচ্ছে হিমন্ত, আজ রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি

আগামী মঙ্গলবার শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা, থাকতে পারেন মোদী

হিমন্ত বিশ্ব শর্মাই ফের আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন, তা প্রায় নিশ্চিত ছিল আগেই। রবিবার আনুষ্ঠানিক ভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পরিষদীয় দলের বৈঠকে তাঁকে নেতা নির্বাচিত করা হয়। এরপর তিনি লোক ভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। সূত্রের খবর, আগামী মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর হিমন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী পাঁচ বছরে আসামের উন্নয়নকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর সরকারের মূল লক্ষ্য হবে।

এ বারের বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা বাড়িয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ১২৬ সদস্যের আসাম বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ৭৬টি আসন। সেখানে বিজেপি একাই ৮২টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোট হিসেবে এনডিএ পেয়েছে মোট ১০২টি আসন। বিজেপির সঙ্গে নির্বাচনে লড়েছিল আসাম গণ পরিষদ (অগপ), ‘বড়োল্যান্ড পিপল্‌স ফ্রন্ট’ (বিপিএফ)  এবং রাভা-হাজং যৌথ মঞ্চ। অগপ ও বিপিএফ উভয়েই ১০টি করে আসন জিতেছে।

২০১৬ সালে প্রথমবার আসামে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তখন মুখ্যমন্ত্রী করা হয়েছিল সর্বানন্দ সনওয়ালকে। তাঁর নেতৃত্বেই ২০২১ সালের নির্বাচনেও জয় পায় জোট। কিন্তু পরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় হিমন্ত বিশ্ব শর্মাকে। ২০২৬ সালের নির্বাচনেও তাঁর নেতৃত্বে সাফল্য পেয়েছে এনডিএ। তাই এ বার আর নেতৃত্ব বদলের পথে না হেঁটে বিজেপি ফের হিমন্তের হাতেই আসামের দায়িত্ব তুলে দিল।