• facebook
  • twitter
Saturday, 11 April, 2026

ছত্তিশগড়ে ত্রিশূল দিয়ে ঠাকুমাকে খুন

শিবলিঙ্গে রক্ত ছিটিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

কুসংস্কারের বশবর্তী হয়ে বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল তাঁর নাতির বিরুদ্ধে। খুনের পর ঠাকুমার রক্ত নিয়ে শিবলিঙ্গের উপর ছিটিয়ে দেন অভিযুক্ত। অন্ধবিশ্বাসের কারণে অভিযুক্ত যুবক নিজের ঠাকুমাকে ত্রিশূল দিয়ে খুন করেছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে এই ঘটনাকে নরবলি বলে মনে করছে পুলিশ। ঠাকুমাকে খুনের পর সেই ত্রিশূল দিয়ে নিজের ঘাড়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দুর্গ জেলার নন্দিনী থানা এলাকার নানকাট্টি গ্রামে।

নানকাট্টি গ্রামে একটি শিবমন্দিরের পাশে বসবাস করতেন বৃদ্ধা রুক্মিণী গোস্বামী (৭০) ও তাঁর নাতি। তাঁদের বাড়িতে একটি ত্রিশূল ছিল বলে জানতে পেরেছেন পুলিশ। সেই ত্রিশূল দিয়েই শনিবার সন্ধ্যায় বৃদ্ধার উপর আক্রমণ করেন অভিযুক্ত যুবক গুলশন গোস্বামী। তারপর তাঁকে খুন করে রক্ত নিয়ে গিয়ে শিবলিঙ্গের উপর ছড়িয়ে দেন। ঠাকুমাকে ‘বলি’ দেওয়ার পর ওই ত্রিশূল দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন গুলশন। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি রায়পুর এইমসে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ছোটোবেলা থেকেই গুলশন শিবভক্ত ছিলেন। প্রতিদিন নিয়ম করে তিনি মন্দিরে পুজো করতেন। এই যুবক যে ঠাকুমাকে খুন করতে পারেন তা ভাবতেই পারছেন না প্রতিবেশীরা। মৃত বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ।  সাব-ডিভিশনার অফিসার সঞ্জয় পুনধীন বলেন, ‘প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে, এই ঘটনা কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের ফল। একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।’

Advertisement

Advertisement