• facebook
  • twitter
Tuesday, 28 April, 2026

বাংলা ও তামিলনাড়ুর ভোটে রেকর্ড ভোটপ্রদান দেখে মুগ্ধ বিদেশি প্রতিনিধিরা

‘গণতন্ত্রের প্রকৃত উৎসব’ বলল নির্বাচন কমিশন

প্রতীকী চিত্র

বাংলা ও তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারের অংশগ্রহণ দেখে মুগ্ধ হলেন বিদেশি প্রতিনিধিরা। ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)-এর তরফে জানানো হয়েছে, ১৬টি দেশের ৩২ জন প্রতিনিধি এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স-এর সদস্যরা এই নির্বাচনকে ‘গণতন্ত্রের প্রকৃত উৎসব’ হিসেবে বর্ণনা করেছেন।

ইসিআই-এর আন্তর্জাতিক নির্বাচন পরিদর্শক কর্মসূচি ২০২৬-এর অংশ হিসেবে ২২ ও ২৩ এপ্রিল এই প্রতিনিধিদল বাংলা ও তামিলনাড়ু সফর করেন। এই সময় তারা ভোটগ্রহণের আগে প্রস্তুতি, ভোটকর্মীদের পাঠানো এবং নির্বাচন সামগ্রীর সুশৃঙ্খল পরিবহণ প্রক্রিয়া কাছ থেকে দেখেন। পরিকল্পিত ব্যবস্থা ও নির্দিষ্ট প্রক্রিয়া মেনে কাজের ধারা দেখে তারা প্রশংসা করেন।

Advertisement

তামিলনাড়ুতে প্রতিনিধিরা মুখ্য নির্বাচন আধিকারিক অর্চনা পাটনায়কের সঙ্গে কথা বলেন। অন্যদিকে, বাংলার শিলিগুড়ি এলাকায় দার্জিলিং জেলার নির্বাচন আধিকারিকদের সঙ্গেও তাঁদের আলোচনা হয়। নির্বাচনের সামগ্রিক পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তাঁদের বিস্তারিত জানানো হয়। বিশেষ করে বাংলায় ভোটকেন্দ্রগুলিতে প্রতিনিধিরা স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা এবং মোবাইল জমা রাখার বিশেষ ব্যবস্থার প্রশংসা করেন।

Advertisement

কেনিয়ার প্রতিনিধি রুথ খাতিয়েভি কুলুন্দু শিলিগুড়ির একটি বুথ ঘুরে দেখে জানান, ‘মোবাইল ফোন জমা রাখার জন্য আলাদা ব্যবস্থা এবং প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশ্রামের জায়গা সত্যিই প্রশংসনীয়।’ তামিলনাড়ুর চেন্নাইয়ের রং দিয়ে বিন্যাস করা বুথগুলিতে এবং ন্যূনতম পরিষেবার নিশ্চয়তা নিয়েও সন্তোষ প্রকাশ করেন ভুটানের প্রতিনিধি ত্সেরিং সামদ্রুপ। তিনি বলেন, ‘ভোটারদের জন্য সহায়ক কেন্দ্র ও রঙ অনুযায়ী বুথের বিন্যাস অত্যন্ত কার্যকর উদ্যোগ।’

সমগ্র ভোটপ্রক্রিয়ার নির্বিঘ্ন পরিচালনা এবং বিপুল ভোটার উপস্থিতি আন্তর্জাতিক প্রতিনিধিদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। তারা ইসিআই-কে এই অভিজ্ঞতার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং স্বচ্ছতা, অন্তর্ভুক্তি ও দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতিকে কুর্নিশ জানিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে ৮ ও ৯ এপ্রিল অসম, কেরল এবং পুদুচেরিতে ২২টি দেশের ৩৮ জন প্রতিনিধি সফর করেছিলেন। সব মিলিয়ে মোট ৩৮টি দেশের ৭০ জন প্রতিনিধি এই কর্মসূচির আওতায় ভারতের বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়া প্রত্যক্ষ করলেন।

বিশ্ব যখন ভারতের নির্বাচনী ব্যবস্থার দিকে তাকিয়ে শিখছে, তখন বিশাল পরিসরে নির্বাচন পরিচালনা ও বিপুল ভোটারের অংশগ্রহণের মাধ্যমে ভারত আবারও নতুন মানদণ্ড স্থাপন করছে— এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement