• facebook
  • twitter
  • youtube
Monday, 15 June, 2026

ইন্ডিগোর হাত ধরে নয়ডা আন্তজার্তিক বিমানবন্দরে চালু উড়ান পরিষেবা

বিমানবন্দরের কাজ পুরোদমে চালু হলে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে অনেকে মনে করছেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সোমবার নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হল বাণিজ্যিক উড়ান পরিষেবা। ভারতের সবচেয়ে বড় গ্রিনফিল্ড এভিয়েশন প্রকল্পগুলির মধ্যে একটি চালু করা হল। ইন্ডিগো প্রথম এখান থেকে আনুষ্ঠানিকভাবে বিমান পরিষেবা শুরু করেছে।

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উত্তরপ্রদেশের জেওয়ারে অবস্থিত। এই উপলক্ষে জেওয়ারে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু বিমানবন্দরে বাণিজ্যিক বিমানের উদ্বোধন করেন। লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগোর প্রথম বিমান ৬ই-২২৭৮ উড়ান শুরু করল।

নয়ডায় বিমানটি অবতরণ করে। এরপর সেখান থেকে বিমানটি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেয়। যাত্রীরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন। বিমানটিকে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। নয়ডা আন্তজার্তিক বিমানবন্দরকে ইন্দিরা গান্ধী আন্তজার্তিক বিমানবন্দরের পাশাপাশি দিল্লি-এনসিআর অঞ্চলের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হয়েছে।

বিমানবন্দরের কাজ পুরোদমে চালু হলে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে অনেকে মনে করছেন। সেই সঙ্গে হোটেল, পর্যটন, লজিস্টিকস এবং শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনাও বাড়বে। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে তৈরি হয়েছে। বিমানবন্দরে ৩,৯০০ মিটার দীর্ঘ রানওয়ের পাশাপাশি উন্নত এয়ারফিল্ড লাইটিং সিস্টেম রয়েছে। এই প্রকল্পের মোট খরচ ২৯,৬৫০ কোটি টাকা ধরা হয়েছে।

উল্লেখ্য, এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে রাজ্যের কোষাগারে প্রায় ১ লক্ষ কোটি টাকা রাজস্ব ঢুকবে। সেই সঙ্গে সড়ক ও আকাশপথের পাশাপাশি রেল ও জলপথেও উত্তরপ্রদেশ নজির গড়ছে বলে তিনি দাবি করেছিলেন। এর মধ্যে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগোর হাত ধরে প্রথম উড়ান পরিষেবা শুরু হল।