• facebook
  • twitter
  • youtube
Saturday, 6 June, 2026

ঋণের চাপে কেরলে কৃষকের আত্মহত্যা

পরিবার সূত্রে জানা গিয়েছে, কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এলিয়াস

প্রতীকী

কেরলের কান্নুর জেলায় ঋণের চাপে আত্মহত্যা করলেন ৬২ বছরের কৃষক আমবাট্টু এলিয়াস। তিনি চেরুপুঝার ইদাভরম এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন এলিয়াস। তিন দিন আগে খামার থেকে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।

পরিবারের দাবি, কয়েক লক্ষ টাকার ঋণের বোঝা মাথায় নিয়েই চরম সিদ্ধান্ত নেন তিনি। দীর্ঘদিন ধরেই আর্থিক চাপে ভুগছিলেন এবং মানসিক অবসাদে ছিলেন বলে জানিয়েছেন আত্মীয়েরা। স্থানীয়দের কথায়, প্রায় চার দশক ধরে কান্নুরের পাহাড়ি জমি ইজারা নিয়ে সবজি চাষ করতেন এলিয়াস।

আধুনিক ও অভিনব পদ্ধতিতে চাষ করে বহুবার নজর কেড়েছিলেন। তাঁর কৃষিকাজের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কারও পেয়েছিলেন। চলতি মরসুমে প্রায় আড়াই হাজার কলাগাছ লাগিয়েছিলেন তিনি। কিন্তু বাজারদর ও উৎপাদন খরচের ভারসাম্য না মেলায় প্রত্যাশিত লাভ হয়নি। ফলে ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছিল। অবশেষে সেই আর্থিক চাপই কেড়ে নিল এক পরিশ্রমী কৃষকের প্রাণ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।