• facebook
  • twitter
  • youtube
Wednesday, 29 July, 2026

মৃত্যুর দু’বছর পর মিলল ক্লিনচিট, কয়লাকাণ্ডে মনমোহন সিংকে কলঙ্কমুক্ত করল সুপ্রিম কোর্ট

২০১২ সালে প্রধানমন্ত্রীত্বের শেষে এসে কোলব্লক কেলেঙ্কারি বা কোলগেট কেলেঙ্কারির অভিযোগ ওঠে হন ডঃ মনমোহন সিংয়ের বিরুদ্ধে

মৃত্যুর দু’বছর পর মিলল ক্লিনচিট, কয়লাকাণ্ডে মনমোহন সিংকে কলঙ্কমুক্ত করল সুপ্রিম কোর্ট

Dr. Manmohan Singh Photo-IANS

ইউপিএ সরকারের আমলে কয়লাকাণ্ড নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। তারিখটা ছিল ২০১৪ সালের ৩ জানুয়ারি। ১০ বছরের প্রধানমন্ত্রীত্ব নিয়ে শেষবার সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি। সেখানে নিজের হতাশা প্রকাশ করেছিলেন। আর তখন যা বলেছিলেন এখন তা অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হলো। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে কলঙ্কমুক্ত হলেন। তবে সেই সত্য প্রমাণিত হলো তাঁর মৃত্যুর দু’বছর পর। তিনি নিজে মনে-প্রাণে জানতেন কোনও দুর্নীতি করেননি। কিন্তু গোটা দেশ সেদিন জেনে গিয়েছিল দুর্নীতির সঙ্গে জড়িত মনমোহন সিং। কয়লা কেলেঙ্কারির অভিযোগ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী অব্যাহতি পেলেন। সিবিআইয়ের সিদ্ধান্ত বুধবার মেনে নিল সুপ্রিম কোর্ট।

এদিকে যত সময় গড়াচ্ছে তত আর পাঁচটা ভবিষ্যদ্বাণীর মতো দূরদর্শী মনমোহন সিংয়ের সেই ভবিষ্যদ্বাণীও মিলে যাচ্ছে। কমনওয়েলথ গেমস, টুজি স্পেকট্রাম কেলেঙ্কারির মতো আরও এক দুর্নীতির অভিযোগ থেকে এবার ক্লিনচিট পেয়ে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এইসব অভিযোগ যখন উঠেছিল তখন মনমোহন সিং সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, ‘সমকালীন সংবাদমাধ্যম এবং বিরোধীদের থেকে ইতিহাস আমার প্রতি অনেক সহৃদয় হবে। এটা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি।’ বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে জারি করা সমনের নির্দেশও বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট এদিন গ্রহণ করেছে।

অন্যদিকে ২০১২ সালে প্রধানমন্ত্রীত্বের শেষে এসে কোলব্লক কেলেঙ্কারি বা কোলগেট কেলেঙ্কারির অভিযোগ ওঠে হন ডঃ মনমোহন সিংয়ের বিরুদ্ধে। তখন ওড়িশার তালাবিরা-তে অবৈধভাবে কোলব্লক বণ্টনের অভিযোগ ওঠে তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর বেশ কিছু কোলব্লক বণ্টন বাতিল করা হয়েছিল। মনমোহন সিংয়ের সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। তৎকালীন কয়লামন্ত্রী, সরকারের একাধিক আমলা অভিযুক্ত হন। এমনকী অভিযোগের তির চলে যায় প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে। আর ওই মামলায় তাঁকে ক্লিনচিট দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের মন্তব্য,  ‘আমরা সিবিআইয়ের দাখিল করা ক্লোজার রিপোর্ট পর্যালোচনা করেছি। কোনও তদন্তকারী সংস্থার দাখিল করা তদন্ত সম্পর্কিত রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়ে যে যে মানদণ্ড বিবেচনা করতে হয়, সেগুলি দেখে আমরা সন্তুষ্ট। আমরা ২০১৫ সালের ১১ মার্চের ‘বিতর্কিত’ রায় এবং অভিযুক্তদের তলবের আদেশও বাতিল করছি।’

তাছাড়া জীবিত থাকাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রীর গায়ে দুর্নীতির একমাত্র দাগ ছিল এই কয়লা কেলেঙ্কারি। তার বাইরে আর কোনও দুর্নীতিতে সরাসরি অভিযুক্ত ছিলেন না মনমোহন সিং। ২০২৪ সালের ডিসেম্বর মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। চিরকাল যাঁকে ‘দুর্নীতিমুক্ত’ বলে দেশের সামনে তুলে ধরেছিল কংগ্রেস, সেই তাঁর গায়ে কয়লার দাগ লেগেছিল মোদী সরকারের আমলে। কয়লা মামলায় অভিযুক্ত হিসাবে মনমোহন সিংকে তলবও করেছিল সিবিআই। মৃত্যুর পর সেই মামলায় মনমোহন সিংকে ক্লিনচিট দিল দেশের সর্বোচ্চ আদালত। সিবিআই তদন্ত করতে গিয়ে আদালতকে জানিয়ে দেয়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভিযুক্ত হিসাবে দেখানোর মতো উপযুক্ত প্রমাণ মিলছে না। শেষে ক্লোজার রিপোর্টেও মনমোহন সিংকে অভিযুক্ত হিসাবে দেখায়নি সিবিআই।