• facebook
  • twitter
  • youtube
Sunday, 28 June, 2026

যমুনা নদী পরিষ্কার অভিযানে সামিল দিল্লির মুখ্যমন্ত্রী, আহ্বান জনঅংশগ্রহণের

দিল্লিবাসীর উদ্দেশে আবেদন করেন, প্রতিটি পরিবার যেন যমুনা নদীকে দূষণমুক্ত করতে কিছুটা সময় উৎসর্গ করে। সেই সঙ্গে এই গণআন্দোলনের সক্রিয় অংশীদার হয়ে ওঠে।

যমুনা নদী পরিষ্কার অভিযানে সামিল দিল্লির মুখ্যমন্ত্রী, আহ্বান জনঅংশগ্রহণের

দিল্লির যমুনা নদীকে দূষণমুক্ত ও পুনরুজ্জীবিত করতে স্বচ্ছতার অভিযান আরও জোরদার করল বিজেপি সরকার। এবার সেই উদ্যোগের অংশ হিসেবে রবিবার চিল্লা গ্রামে যমুনা ঘাট পরিষ্কার অভিযানে অংশ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

এদিন সেই অভিযানে শতাধিক যুব স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী স্বচ্ছতার অভিযান চালান। পরে সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে তিনি এই বিষয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘বৈজ্ঞানিক পদ্ধতি, ধারাবাহিকভাবে প্রচেষ্টা এবং জনগণের সাহায্যে যমুনাকে ফের পুনরুজ্জীবিত করতে দিল্লি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

রবিবারের অভিযানে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়ে রেখা গুপ্তা দিল্লিবাসীর উদ্দেশে বার্তাও দেন। তিনি দিল্লিবাসীর উদ্দেশে আবেদন করেন, প্রতিটি পরিবার যেন যমুনা নদীকে দূষণমুক্ত করতে কিছুটা সময় উৎসর্গ করে। সেই সঙ্গে এই গণআন্দোলনের সক্রিয় অংশীদার হয়ে ওঠে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ জুন যমুনা নদী পরিষ্কার অভিযান ২০২৬ সালের আওতায় রাজধানীর ২৮ টি ঘাট এবং তার সংলগ্ন এলাকায় স্বচ্ছতার অভিযান চালানো হয়। সেই সময়ে গীতা কলোনি ঘাটে স্বচ্ছতা অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেখানেও তিনি যমুনা নদীকে পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন।

দিল্লি সরকারের দাবি, যমুনা নদীর দূষণ কমিয়ে তার প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণই এই অভিযানের মূল উদ্দেশ্য।