• facebook
  • twitter
  • youtube
Wednesday, 17 June, 2026

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল অন্ধ্রপ্রদেশ, মৃত ৫, আশঙ্কাজনক ১২

পুলিশ জানিয়েছে, বিস্ফোরকগুলি কীভাবে সেখানে এল এবং সেগুলি বৈধভাবে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে।

ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার কাদিরি মণ্ডলের কুম্মারাভান্ডলা পল্লি গ্রাম। একটি বাড়িতে জমিয়ে রাখা বিস্ফোরক ও গ্যাস সিলিন্ডার ফেটে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় কুড়িজন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন।

পুলিশ সূত্রের খবর, স্থানীয় এক শ্রমিকের বাড়িতে বিস্ফোরক সামগ্রী ও গ্যাস সিলিন্ডার মজুত রাখা ছিল। হঠাৎই সেগুলি বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে গোটা বাড়িটি। বিস্ফোরণের তীব্রতায় পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িতে চারটি বিস্ফোরক দ্রব্য মজুত ছিল। সেগুলি বেআইনিভাবে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে উদ্ধার করা হয় আহতদের। তাঁদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বিশেষ নজরে রাখা হয়েছে।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ভি. অনিতা। তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত উদ্ধারকাজ চালানো এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা পরিষেবার নির্দেশ দিয়েছেন। রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী মন্ত্রী কিঞ্জরাপু আতচান্নাইডুও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যাতে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, কীভাবে বিস্ফোরকগুলি সেখানে এল এবং কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। পাশাপাশি সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে।