• facebook
  • twitter
Thursday, 12 February, 2026

৩.৬০ লক্ষ কোটি টাকার সামরিক ক্রয় প্রস্তাবে সবুজ সঙ্কেত

যুদ্ধ প্রস্তুতি বাড়াতে বড় সিদ্ধান্ত

দেশের প্রতিরক্ষা শক্তি আরও জোরদার করতে ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকার মূলধনী সামরিক সরঞ্জাম ক্রয় প্রস্তাবে অনুমোদন দিল প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্থল, নৌ ও বায়ুসেনার যুদ্ধ প্রস্তুতি আরও আধুনিক ও শক্তিশালী করে তুলতেই এই বিপুল অঙ্কের প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে আমাদের বাহিনীকে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা জরুরি। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত।’ এই অনুমোদনের আওতায় আধুনিক যুদ্ধবিমান, উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সাঁজোয়া যান, নজরদারি ব্যবস্থা, যোগাযোগ পরিকাঠামো ও সমুদ্র প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাব রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় দ্রুত মোতায়েনযোগ্য হালকা সাঁজোয়া যান ও উচ্চক্ষমতাসম্পন্ন নজরদারি ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে।

Advertisement

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে দেশের তিন বাহিনীর মধ্যে সমন্বয় ও তাৎক্ষণিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এই বিপুল বিনিয়োগ বড় ভূমিকা নেবে। দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, অধিকাংশ সরঞ্জাম দেশীয় সংস্থার মাধ্যমে তৈরির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন স্বনির্ভরতা বাড়বে, অন্যদিকে প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান ও শিল্প বৃদ্ধি ত্বরান্বিত করবে।

Advertisement

সরকারের বক্তব্য, এই সিদ্ধান্ত শুধু সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদে কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। এক প্রতিরক্ষা কর্তা বলেন, ‘দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না। প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে।’ বিশ্লেষকদের মতে, এত বড় অঙ্কের সামরিক ক্রয় প্রস্তাব অনুমোদন সাম্প্রতিককালে অন্যতম বৃহত্তম সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত হবে। এর ফলে সেনাবাহিনীর প্রযুক্তিগত আধুনিকীকরণ প্রক্রিয়া আরও দ্রুত গতিতে এগোবে।

Advertisement