• facebook
  • twitter
Sunday, 15 March, 2026

চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল দুই শিশুর

চেন্নাইয়ের নাভালুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও চার জন গুরুতর জখম হয়েছেন, ধসে পড়েছে বাড়ির একাংশ।

তামিলনাড়ুর চেন্নাই শহরের উপকণ্ঠে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই দুর্ঘটনায় আরও চার জন গুরুতর জখম হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে শহরের দক্ষিণ প্রান্তে নাভালুর এলাকার চামুন্ডেশ্বর নগরের একটি বাড়িতে। হঠাৎ বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে বাড়িটির একাংশ ভেঙে পড়ে এবং পাশের দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

Advertisement

মৃত দুই শিশুর নাম ধীরন ও কৃষিকা। বিস্ফোরণের সময় তারা বাড়ির ভেতরেই ছিল। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

Advertisement

এই ঘটনায় আরও চার জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে দুই শিশুর বাবা-মা এবং পরিবারের আরও এক সদস্য। পাশাপাশি পাশের বাড়ির এক শিশুও জখম হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ একটি প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই বহু মানুষ ঘটনাস্থলে ছুটে এসে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করেন।

খবর পেয়ে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে জখমদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement