পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শনিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে চিঠি পাঠিয়ে জানান, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বরাদ্দ বাড়ানো হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিটি রাজ্যের জন্য অতিরিক্ত ২০ শতাংশ বাণিজ্যিক সিলিন্ডার বরাদ্দ করা হবে। এর ফলে মোট বরাদ্দ সংকট-পূর্ব স্তরের প্রায় ৫০ শতাংশে পৌঁছবে। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের সামরিক পদক্ষেপের ফলে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।
Advertisement
সরকার জানিয়েছে, অতিরিক্ত এই বরাদ্দ নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে রেস্তরাঁ, ধাবা, হোটেল, ক্যান্টিন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, দুগ্ধশিল্প, সরকারি বা স্থানীয় সংস্থার ভর্তুকিযুক্ত খাদ্যকেন্দ্র, কমিউনিটি কিচেন এবং অভিবাসী শ্রমিকদের জন্য ছোট ৫ কেজির সিলিন্ডার।
Advertisement
এর আগে কেন্দ্র দাবি করেছিল যে গৃহস্থালি ব্যবহার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মিড-ডে মিলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এলপিজি সরবরাহ বজায় রাখা সম্ভব হয়েছে। সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ক্ষেত্রেও কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।
তবে কবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি মন্ত্রক। সংশ্লিষ্ট আধিকারিকদের মতে, পরিস্থিতির উপর নজর রেখে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও সিদ্ধান্ত নেওয়া হবে।
Advertisement



