• facebook
  • twitter
  • youtube
Thursday, 11 June, 2026

আগামী ১৮-২২ ফেব্রুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার ভারত সফর

যোগ দেবেন কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় শীর্ষ বৈঠকে

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনসানিও লুলা দা সিলভা আগামী ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত সফরে আসছেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই সফরে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক দ্বিতীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন এবং ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক আলোচনা সারবেন।

বিদেশমন্ত্রক জানিয়েছে, লুলার এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে। সফরসূচিতে রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা এবং বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর রূপরেখা নির্ধারণ।

প্রসঙ্গত, কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেবেন। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, তথ্য সুরক্ষা, উদ্ভাবন এবং উন্নয়নশীল দেশগুলির জন্য প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা। ভারত এই ক্ষেত্রকে ভবিষ্যতের বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে দেখছে।

বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ভারত ও ব্রাজিলের সম্পর্ক বহু দশকের। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, কৃষি গবেষণা, স্বাস্থ্য এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশ একসঙ্গে কাজ করছে। এই সফর সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

রাজনৈতিক মহলের মতে, বৈশ্বিক দক্ষিণের দেশগুলির মধ্যে সমন্বয় বাড়াতে ভারত ও ব্রাজিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রসঙ্ঘ-সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে দুই দেশ একাধিক বিষয়ে একযোগে অবস্থান নিয়েছে। লুলার এই সফর সেই সহযোগিতাকে আরও শক্তিশালী করতে পারে। সফরকে ঘিরে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে জোর প্রস্তুতি শুরু হয়েছে। দিল্লিতে নিরাপত্তা ও প্রোটোকল সংক্রান্ত প্রস্তুতিও খতিয়ে দেখা হচ্ছে।