বিহার বিধানসভা চত্বরে বোমা থাকার হুমকি ঘিরে শুক্রবার পাটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। একটি হুমকিমূলক ই-মেল আসার পরই তড়িঘড়ি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোটা বিধানসভা এলাকায় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঘটনার খবর মিলতেই বোমা নিষ্ক্রিয়করণ দল এবং প্রশিক্ষিত গোয়েন্দা কুকুর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিধানসভা চত্বর খালি করে দেওয়া হয়। এরপর শুরু হয় বিস্তৃত তল্লাশি অভিযান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহজনক কোনও বস্তু পাওয়া গেলে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিধানসভা সংলগ্ন এলাকায়ও কড়া নজরদারি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাটনা প্রশাসন বিধানসভা চত্বরের ভিতরে ও বাইরে নিরাপত্তা আরও বাড়িয়েছে। প্রবেশ ও প্রস্থানকারী প্রত্যেক ব্যক্তির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হুমকির উৎস খোঁজার চেষ্টা চলছে।
Advertisement
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং কোনও দিকই খতিয়ে দেখা থেকে বাদ দেওয়া হচ্ছে না। সাইবার বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে, যাতে হুমকিমূলক ইমেল পাঠানো ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করা যায়।
Advertisement
উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিহার বিধানসভাকে নিয়ে এই ধরনের হুমকি এসেছে। মার্চ মাসেও একই ধরনের হুমকি ঘিরে সতর্কতা জারি করা হয়েছিল। অতীতে বিভিন্ন আদালতেও এমন ই-মেল পাঠিয়ে আতঙ্ক ছড়ানো হয়েছিল। যদিও পরে সেগুলি ভুয়ো বলে প্রমাণিত হয়। তবুও এই ধরনের ঘটনার জেরে সাধারণ মানুষ, আইনজীবী এবং প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।
Advertisement



