উত্তরপ্রদেশের বৃন্দাবনে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। শুক্রবার বিকেলে কেশিঘাটের কাছে যমুনা নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা আচমকাই উল্টে গেলে প্রাণ হারান অন্তত ১০ জন। এখনও পর্যন্ত ১২ জনেরও বেশি মানুষের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মথুরার জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিং জানিয়েছেন, নিহত ও নিখোঁজ সকলেই পাঞ্জাবের বাসিন্দা। তাঁরা বৃন্দাবনে ভ্রমণে এসে সন্ধ্যার সময় নৌকাভ্রমণে বেরিয়েছিলেন।
Advertisement
প্রসঙ্গত, বৃন্দাবনের কেশিঘাট তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান। বিশেষ করে সন্ধ্যার আরতি ও নৌকাভ্রমণের জন্য এখানে প্রতিদিনই ভিড় থাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীবোঝাই নৌকাটি আচমকাই ভারসাম্য হারিয়ে গভীর জলে তলিয়ে যায়। দুর্ঘটনার সময় নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
Advertisement
ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ, ডুবুরির দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় মাঝি ও বাসিন্দারাও উদ্ধার অভিযানে হাত লাগান। কয়েকজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ তদারকি করছেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। তবে যমুনার প্রবল স্রোত এবং সন্ধ্যা নামার কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্নিত হচ্ছে বলে জানা গিয়েছে। রাতেও তল্লাশি অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। পাশাপাশি প্রশাসনকে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।
এই দুর্ঘটনায় পর্যটনকেন্দ্র বৃন্দাবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় মানুষ থেকে প্রশাসন— সকলেই এখন একটাই প্রার্থনা করছেন, নিখোঁজদের দ্রুত খুঁজে পাওয়া যাক।
Advertisement



