তামিলনাড়ুতে চলতি বছরেই বিধানসভা ভোট। তার আগেই শরিকদল বিজেপির উপর রাজনৈতিক চাপ বাড়াতে নতুন দাবি তুলেছে এআইএডিএমকে। দলের পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও বিজেপির কোনও শীর্ষ নেতার প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।
সোমবার রাজ্যসভায় এআইএডিএমকে সাংসদ এম ধনপাল এই দাবি তোলেন। তিনি বলেন, ‘জয়ললিতা ছিলেন এক জন দূরদর্শী নেত্রী। মানবিকতা, প্রশাসনিক দক্ষতা ও সাহস-এই তিনের মেলবন্ধন ছিল তাঁর মধ্যে।’ ধনপাল তাঁকে ‘কল্যাণমূলক প্রকল্পের জননী’ বলেও উল্লেখ করেন।
Advertisement
রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে জয়ললিতার চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন ধনপাল। এর মধ্যে উল্লেখযোগ্য ‘অম্মা ক্যান্টিন’ (স্বল্পমূল্যে খাবার), ‘অম্মা ফার্মেসি’, ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে ল্যাপটপ ও সাইকেল বিতরণ প্রকল্প। তাঁর দাবি, এই সব প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছিলেন জয়ললিতা।এর পরেই ধনপাল বলেন, ‘জয়ললিতার মতো নেত্রীকে অবিলম্বে ভারতরত্ন দেওয়া উচিত।’
Advertisement
রাজনৈতিক মহলের মতে, এই দাবি কেবল আবেগের নয়, এর পিছনে রয়েছে নির্বাচনী সমীকরণও। চলতি বছর তামিলনাড়ু ছাড়াও আসাম, কেরল, পশ্চিমবঙ্গ ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা নির্বাচন রয়েছে। তামিলনাড়ুতে বিজেপি ও এআইএডিএমকে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তবে সম্প্রতি আসন বণ্টন নিয়ে দুই দলের মধ্যে মতানৈক্যের ইঙ্গিত মিলেছে। এই আবহে জয়ললিতাকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলে বিজেপির উপর নৈতিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে এআইএডিএমকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Advertisement



